বহরমপুর: বুধবার মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের দপ্তরে এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল বহরমপুর। এক সময়ের দাপুটে আইপিএস অফিসার তথা মুর্শিদাবাদ জেলার প্রাক্তন পুলিশ সুপার হুমায়ুন কবির (EX SP Humayun Kabir) আজ নিজেই নিজের নিরাপত্তা চেয়ে হাজির হলেন বর্তমান পুলিশ সুপারের কাছে। এবারের বিধানসভা নির্বাচনে ডোমকল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি। তবে প্রচার শুরুর আগেই নিজের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে শোরগোল ফেলে দিয়েছেন এই হাই-প্রোফাইল প্রার্থী।
এদিন দীর্ঘক্ষণ বর্তমান জেলা পুলিশ সুপারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন হুমায়ুন কবির। দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিস্ফোরক অভিযোগ করেন। হুমায়ুনবাবুর দাবি, তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমার ওপর নানা দিক থেকে হুমকি আসছে। আমি যাতে নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথে ভোট প্রচার চালাতে পারি, তা সুনিশ্চিত করতেই পুলিশ সুপারের কাছে আবেদন জানালাম।” প্রাক্তন পুলিশ কর্তা হয়েও নিজের জেলায় নিরাপত্তাহীনতায় ভোগার এই অভিযোগ মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে জোর জল্পনা সৃষ্টি করেছে।
নিরাপত্তার অভাব থাকলেও নিজের পুরনো কর্মক্ষেত্রে প্রার্থী হিসেবে ফিরতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন হুমায়ুন কবির। তিনি জানান, যে জেলায় তিনি একসময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন, সেই জেলাতেই আজ জনগণের প্রতিনিধি হওয়ার লড়াইয়ে নামতে পেরে তিনি গর্বিত। তিনি দৃঢ়কণ্ঠে দাবি করেন, “ডোমকলে আমার জয় নিশ্চিত এবং রাজ্যে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সরকার গঠন হবে।”
জেলার নজরকাড়া প্রার্থীদের মধ্যে হুমায়ুন কবির অন্যতম। একদিকে আইপিএস হিসেবে তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা, অন্যদিকে মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লক ও থানার ভৌগোলিক অবস্থান তাঁর নখদর্পণে। বিরোধীদের মোকাবিলায় এই ‘প্রাক্তন এসপি’ কী কৌশল নেন এবং প্রশাসন তাঁর নিরাপত্তার দাবিতে কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
