উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর ফ্লাইটে বোমাতঙ্ক। মাঝ আকাশে আতঙ্ক ছড়ানোর জেরে রবিবার লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে (Lucknow Airport) জরুরি অবতরণ (Emergency Touchdown) করানো হলো ইন্ডিগো ৬ই-৬৬৫০ (6E-6650) বিমানটিকে।
ঘটনার সূত্রপাত: পুলিশ ও বিমানবন্দর সূত্রে খবর, বিমানটি যখন মাঝ আকাশে, তখন শৌচাগারের ভেতর একটি টিস্যু পেপারে বোমা থাকার হুমকি বার্তা লেখা দেখতে পাওয়া যায়। বিষয়টি নজরে আসতেই পাইলট তড়িঘড়ি এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন এবং নিকটবর্তী লখনউ বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
যাত্রীদের নিরাপত্তা: এসিপি রজনীশ ভার্মা জানান, বিমানে ২৩০ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৮ জন শিশু। এছাড়াও ২ জন পাইলট ও ৫ জন ক্রু সদস্য মিলিয়ে মোট ২৩৮ জন আরোহী ছিলেন। লখনউতে বিমানটি নিরাপদে অবতরণ করার পর সমস্ত যাত্রীকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। বম্ব স্কোয়াড ও নিরাপত্তা বাহিনী পুরো বিমানটি তল্লাশি করে দেখছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।
