উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বেআইনি বেটিং অ্যাপ মামলায় জেরা করতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাকে তলব করল ইডি। বুধবারই ইডির দপ্তরে হাজিরা দিতে পারেন রায়না। যদিও ইডির তলব নিয়ে মুখ খুলতে চাননি এই প্রাক্তন ক্রিকেটার। রায়না ছাড়াও আরও বেশ কয়েকজনকে তলব হতে পারে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, এই বেটিং অ্যাপটির বিরুদ্ধে অভিযোগ, আসল উদ্দেশ্য গোপন করে প্রচার করত। সেই সঙ্গে বেআইনিভাবে নামের আড়ালে একাধিক নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করে ব্যবসা চালাত। শুধু তাই নয়, সংস্থাটির বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন, আর্থিক তছরুপ সহ বেশ কিছু আইনভঙ্গের অভিযোগ রয়েছে। এই সংস্থার প্রলোভনে পা দিয়ে বহু মানুষ সর্বস্বান্ত হয়েছেন বলে অভিযোগ। সে সবেরই তদন্ত করছে ইডি। এই বেআইনি বেটিং অ্যাপ সংস্থার বিজ্ঞাপনের অন্যতম মুখ ছিলেন সুরেশ রায়না। রায়নার বিরুদ্ধে অভিযোগ, তিনি সাধারণ মানুষকে এই বেটিং অ্যাপে অর্থ লগ্নি করতে প্রভাবিত করেছেন। এই অ্যাপ মামলার তদন্ত করতে তলব করা হয়েছে রায়নাকে। তাঁর বক্তব্য নথিবদ্ধ করতে চান তদন্তকারী অফিসারেরা।
শুধুমাত্র রায়নাই নন, সংস্থাটির হয়ে বিজ্ঞাপন করেছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, যুবরাজ সিং, অভিনেতা সনু সুদ এবং উর্বশী রৌতেলা। এঁদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারে ইডি।
