ED Raid Coal Rip-off | কয়লাকাণ্ডে ইডির হানা: ৯ জায়গায় ম্যারাথন তল্লাশিতে উত্তপ্ত শিল্পাঞ্চল

ED Raid Coal Rip-off | কয়লাকাণ্ডে ইডির হানা: ৯ জায়গায় ম্যারাথন তল্লাশিতে উত্তপ্ত শিল্পাঞ্চল

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল ও দুর্গাপুর: কয়লা পাচার মামলার (ED Raid Coal Rip-off) শিকড় খুঁজতে মঙ্গলবার সাতসকালেই কোমর বেঁধে আসরে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মঙ্গলবার সকাল থেকে দুর্গাপুর, আসানসোল, বর্ধমান এমনকি দিল্লি সহ ৯টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান শুরু করেন ইডি আধিকারিকরা। তদন্তকারীদের নজরে মূলত শিল্পাঞ্চলের একাধিক প্রভাবশালী ব্যবসায়ী এবং পুলিশ আধিকারিক।

জামুড়িয়ায় নগদ টাকা ও নথির পাহাড়

এদিনের অভিযানের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল জামুড়িয়ার (Jamuria) ব্যবসায়ী রাজেশ বনশলের বাড়ি। সকাল সাড়ে ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সেখানে পৌঁছান ইডির ১৩ জন প্রতিনিধি। দীর্ঘ ১২ ঘণ্টার তল্লাশি শেষে বিকেল পাঁচটা নাগাদ যখন তাঁরা বেরোন, তখন তাঁদের হাতে ছিল তিনটি রহস্যময় হলুদ বস্তা। সূত্রের খবর, ওই বাড়ি থেকে প্রায় ১ কোটি টাকা নগদ এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। টাকা গণনার জন্য মেশিন নিয়ে আসা হয়, যা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নজরে ওসির বাড়ি ও শাসক ঘনিষ্ঠতা

তদন্তের আঁচ পৌঁছেছে পুলিশ মহলেও। দুর্গাপুরের অম্বুজানগরীতে সদ্য বুদবুদ থানার ওসির দায়িত্ব পাওয়া মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। উল্লেখ্য, মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে বারাবনি থানার ওসি থাকাকালীনও একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল এবং তাঁকে সাসপেন্ডও করা হয়েছিল। শাসক দলের প্রভাবশালী নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং ওসির চেম্বারে নেতার জন্মদিন পালনের বিতর্ক ফের মাথাচাড়া দিয়েছে এদিনের তল্লাশিতে।

বালি ও কয়লার ‘প্রোটেকশন মানি’র খোঁজে

কয়লার পাশাপাশি অবৈধ বালি পাচারের সিন্ডিকেটও ইডির স্ক্যানারে। দুর্গাপুরের সেপকো টাউনশিপের বালি ব্যবসায়ী প্রবীর দত্ত এবং পান্ডবেশ্বর ও কাঁকসার ব্যবসায়ীদের বাড়িতেও হানা দেয় ইডি। অভিযোগ, বীরভূমের ভুয়া চালান ব্যবহার করে পশ্চিম বর্ধমানে বালি পাচার এবং বালির ঘাটে অবৈধ কারবার চালিয়ে বিপুল সম্পত্তি করেছেন এই ব্যবসায়ীরা। ইডির মূল লক্ষ্য হলো, কয়লা ও বালি পাচারের ‘প্রোটেকশন মানি’ হাওয়ালা মারফত কার কার কাছে পৌঁছাত, তা খুঁজে বের করা।

বিকেল পর্যন্ত দুর্গাপুর (Durgapur) ও কাঁকসা সহ বেশকিছু জায়গায় তল্লাশি জারি ছিল। যদিও ইডির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে এই অভিযানকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে রাজনৈতিক পারদ তুঙ্গে। বিজেপি এই ঘটনাকে তৃণমূলের দুর্নীতির প্রমাণ হিসেবে দেখছে, অন্যদিকে তৃণমূল পাল্টা তোপ দেগেছে কয়লা মাফিয়াদের সঙ্গে বিজেপির যোগসাজশ নিয়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *