রাজা বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা এসবিএসটিসি-র (SBSTC) বহরে যুক্ত হলো ১৩টি নতুন পরিবেশবান্ধব সিএনজি বাস (CNG BUS)। শুক্রবার উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি এই বাসগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই নতুন বাসগুলি মূলত দুর্গাপুর ডিপো থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে যাতায়াত করবে।
মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর দুর্গাপুরের সিটি সেন্টারে এসবিএসটিসি বাসস্ট্যান্ডে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, এসবিএসটিসি-র চেয়ারম্যান সুভাষ মণ্ডল, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম এবং আড্ডার (ADDA) চেয়ারম্যান কবি দত্ত। এছাড়াও ছিলেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় এবং মহকুমাশাসক সুমন বিশ্বাসসহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
যাত্রীদের সুবিধার্থে এই বাসগুলি একাধিক দীর্ঘপাল্লার রুটে চালানো হবে। এসবিএসটিসি সূত্রে জানা গেছে, প্রধান রুটগুলি হলো:
-
দুর্গাপুর–কলকাতা ও দুর্গাপুর–বহরমপুর
-
বর্ধমান–কলকাতা ও বর্ধমান–করুণাময়ী
-
আসানসোল–কৃষ্ণনগর ও দুর্গাপুর–ঝাড়গ্রাম
-
আরামবাগ–কলকাতা ও আরামবাগ–তারাপীঠ
-
বাঁকুড়া–সিউড়ি এবং বর্ধমান–কৃষ্ণনগর।
পরিবহন দপ্তরের মতে, সিএনজি চালিত এই বাসগুলি পরিবেশ দূষণ কমাতে যেমন সাহায্য করবে, তেমনই দুর্গাপুর ও পার্শ্ববর্তী জেলার যাত্রীদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক করে তুলবে। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “রাজ্য সরকার সাধারণ মানুষের যাতায়াতের মানোন্নয়নে বদ্ধপরিকর। এই বাসগুলি সেই লক্ষ্যেই একটি বড় পদক্ষেপ।” নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় শিল্পাঞ্চলসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুশির হাওয়া।
