উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের আকাশে কালো মেঘ! নতুন ‘অনলাইন গেমিং বিল’-এর জেরে আচমকা মহাবিপাকে পড়েছে দেশের ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের নতুন নীতির দরুন ভারতীয় দলের প্রধান স্পনসরশিপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অনলাইন গেমিং সংস্থা ‘ড্রিম ১১’। ফলে আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলের জার্সি স্পনসরহীন থাকতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে অনলাইন গেমিং অ্যাপগুলির বাড়বাড়ন্তে রাশ টানতে কেন্দ্রীয় সরকার কঠোর অবস্থান নিয়েছে। পাশ করা হয়েছে নতুন বিল, যা টাকার বিনিময়ে খেলা হয় এমন সব অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ‘ড্রিম ১১’-এর মতো অনলাইন গেমিং সংস্থার উপর, যারা কোটি কোটি টাকা বিনিয়োগ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। এমন পরিস্থিতিতে তাদের পক্ষে স্পনসরশিপ চালিয়ে যাওয়া অসম্ভব বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর, ‘ড্রিম ১১’-এর প্রতিনিধিরা সম্প্রতি বিসিসিআই-এর সিইও হেমঙ্গ আমিনের সঙ্গে দেখা করে চুক্তি বাতিলের কথা জানিয়েছেন। তিন বছরের জন্য ৩৫৮ কোটি টাকার যে চুক্তিটি ২০২৩ সালের জুলাই মাসে শুরু হয়েছিল, তা মাঝপথেই শেষ হতে চলেছে। তবে আশ্চর্যের বিষয় হল, এই আকস্মিক বিচ্ছেদের জন্য ‘ড্রিম ১১’-কে কোনও ক্ষতিপূরণ দিতে হবে না বলেই জানা গিয়েছে। কারণ, চুক্তিতে নাকি লেখা ছিল যে, সরকারের কোনও নীতির কারণে যদি তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় তবে তারা এই চুক্তি থেকে সরে দাড়াতে পারে।
এই আবহে বোর্ড এক নজিরবিহীন সংকটে পড়েছে। সূত্রের খবর, এশিয়া কাপ শুরুর আগে নতুন করে স্পনসরের খোঁজে দরপত্র আহ্বান করার প্রস্তুতি নিচ্ছে তারা। তবে এত কম সময়ে কোনও বড় স্পনসরকে রাজি করানো সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া এক সাক্ষাৎকারে সরকারের নীতির প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। কিন্তু দলের স্পনসরশিপের ভবিষ্যৎ নিয়ে তিনি স্পষ্ট কিছু বলতে চাননি, যা এই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
এই বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিআই বা ‘ড্রিম ১১’ কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ক্রিকেট মহলের ধারণা, নতুন বিলের কারণে ড্রিম ১১-এর ব্যবসার ভবিষ্যৎ অনিশ্চিত। তাই তারা এমন একটি বড় বিনিয়োগ থেকে নিজেদের গুটিয়ে নিতে চাইছে। এখন সবার নজর, এশিয়া কাপে ভারতীয় দলের জার্সিতে শেষ পর্যন্ত কোনও স্পনসরের লোগো দেখা যাবে, নাকি এই প্রথমবার তারা কোনও প্রধান স্পনসর ছাড়াই মাঠে নামবে!
