উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন সুপ্রিম কোর্টের (Supreme Courtroom) রায়ে বড়সড়ো ধাক্কা খাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পালটা আক্রমণ শানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আইনি লড়াইয়ের আবহে এবার সুর চড়িয়ে সমস্ত আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ থেকে বাড়িয়ে সরাসরি ১৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করলেন তিনি (Tariff Hike)। শনিবার ‘ট্রুথ সোশ্যাল’-এ এই ঘোষণা করে তিনি সাফ জানান, কয়েক দশক ধরে আমেরিকাকে বাকি বিশ্ব ‘লুট’ করছে এবং এখন তার বদলা নেওয়ার সময় এসেছে।
শুক্রবারই ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপকে ‘বেআইনি’ বলে ঘোষণা করেছিল মার্কিন সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছিল, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট’ (IEEPA) ব্যবহার করে প্রেসিডেন্ট এই বিশাল পরিমাণ শুল্ক চাপাতে পারেন না। বিচারপতির রায়ে স্পষ্ট জানানো হয়, ট্রাম্প নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন।
কিন্তু দমবার পাত্র নন ট্রাম্প। আদালতের রায়ে ক্ষুব্ধ প্রেসিডেন্ট বিকল্প হিসেবে ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ১২২ নম্বর ধারাকে হাতিয়ার করেছেন। এই ধারায় প্রেসিডেন্টকে ১৫০ দিনের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত জরুরি শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। ট্রাম্পের দাবি, আমেরিকার বিশাল বাণিজ্য ঘাটতি মেটাতেই এই কড়া পদক্ষেপ। সংবাদ সম্মেলনে তিনি কিছুটা চ্যালেঞ্জের সুরেই বলেন, ‘আমি চাইলে অন্য দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারি, দেশকে ধ্বংসও করতে পারি, কিন্তু মাত্র ১ ডলার শুল্ক নিতে পারব না—এটা হাস্যকর।’
আপাতত এই বর্ধিত শুল্ক ১৫০ দিন পর্যন্ত কার্যকর থাকবে। তবে এই সময়ের মধ্যে আরও দীর্ঘমেয়াদী এবং আইনিভাবে শক্তিশালী পথ খোঁজার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এর ফলে বিশ্ব বাজারে নতুন করে অস্থিরতা এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
