Donald Trump | ‘একেবারে পাগল হয়ে গিয়েছেন’, ইউক্রেনে আকাশপথে হামলার পরই পুতিনের উপর চটলেন ট্রাম্প

Donald Trump | ‘একেবারে পাগল হয়ে গিয়েছেন’, ইউক্রেনে আকাশপথে হামলার পরই পুতিনের উপর চটলেন ট্রাম্প

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুই দেশের মধ্যে যুদ্ধবন্দিদের বিনিময়ের মাঝেই ইউক্রেনে লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া (Russia-Ukraine Battle)। যে কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) উপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি পুতিনকে ‘পাগল’ বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে মস্কোকে সতর্ক করে জানিয়েছেন যে, ইউক্রেন সম্পূর্ণভাবে দখলের যে কোনও প্রচেষ্টাই রাশিয়াকে পতনের দিকেই নিয়ে যাবে।

ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পরই ট্রাম্প নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময়ই খুব ভালো সম্পর্ক, কিন্তু তাঁর কিছু একটা হয়েছে। তিনি একেবারে পাগল হয়ে গিয়েছেন! তিনি অকারণে অনেক মানুষকে হত্যা করছেন। ইউক্রেনের শহরগুলিতে কোনও কারণ ছাড়াই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়া হচ্ছে।’ এরপরই তিনি বলেন, ‘আমি সবসময় বলেছি যে তিনি পুরো ইউক্রেন চান, তবে রাশিয়া পতনের দিকে এগিয়ে যাবে।’ সেই সঙ্গে ট্রাম্প ফের মনে করিয়ে দিয়েছেন যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ কখনই শুরু হত না, যদি সেই সময়ে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে থাকতেন।

প্রসঙ্গত, গত শুক্রবারই ইস্তানবুলে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কোনও মধ্যস্থতা ছাড়াই প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল রাশিয়া-ইউক্রেন। তবে যুদ্ধবিরতি নিয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়া গেলেও যুদ্ধবন্দি বিনিময়ে রাজি হয়েছিল দুই দেশ। সেই মতো ১ হাজার জন বন্দি সৈন্য ও অসামরিক নাগরিককে ফেরত পাঠানো শুরু করেছিল উভয় পক্ষ। কিন্তু এই আবহেই শনিবার রাত থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ একাধিক শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়া। সূত্রের খবর, রাশিয়ার তরফে ইউক্রেনের ওপর ৩৬৭ টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ঘটনায় ৩ শিশু সহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কিছু মানুষ। ২০২২ সাল থেকে চলতে থাকা এই যুদ্ধের এখনও পর্যন্ত এটাই আকাশপথে হওয়া সবচেয়ে বড় আক্রমণ বলেও মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *