Donald Trump | “আমি না থাকলে পরমাণু যুদ্ধে সাড়ে ৩ কোটি মানুষ মারা যেত!”, ভারত-পাক সংঘাত নিয়ে ফের বিস্ফোরক ট্রাম্প

Donald Trump | “আমি না থাকলে পরমাণু যুদ্ধে সাড়ে ৩ কোটি মানুষ মারা যেত!”, ভারত-পাক সংঘাত নিয়ে ফের বিস্ফোরক ট্রাম্প

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত ও পাকিস্তানের (India-Pakistan) সম্ভাব্য পরমাণু যুদ্ধ রুখে দিয়ে তিনি কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছেন। ফের একই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার ক্যাপিটলে তাঁর দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় ‘স্টেট অফ দ্য ইউনিয়ন’ ভাষণে ট্রাম্প দাবি করেন, গত বছর মে মাসে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের সংঘর্ষে তিনি হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেত। তাঁর কথায়, ‘আমার মেয়াদের প্রথম ১০ মাসে আমি ভারত-পাকিস্তান সংঘাত সহ আটটি যুদ্ধ থামিয়েছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আমাকে বলেছেন, ‘আমার হস্তক্ষেপ না থাকলে সাড়ে ৩৫ মিলিয়ন (সাড়ে ৩ কোটি) মানুষ মারা যেত।’

২০২৫-এর মে-তে ভারতের ‘অপারেশন সিঁদুর’ এবং তার পরবর্তী চারদিনের সামরিক সংঘাত নিয়ে ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। ট্রাম্পের দাবি, তিনি মধ্যস্থতা না করলে এই লড়াই পরমাণু যুদ্ধের রূপ নিত। শুধু তাই নয়, এর আগে বিভিন্ন সময়ে তিনি নিহতের সম্ভাব্য সংখ্যা ২৫ মিলিয়ন বা ১০ মিলিয়ন বললেও এবার সেই অঙ্ক বাড়িয়ে ৩৫ মিলিয়নে নিয়ে গিয়েছেন। এমনকি ধ্বংস হওয়া যুদ্ধবিমানের সংখ্যাও আট থেকে বাড়িয়ে ১১ বলে দাবি করেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টের যাবতীয় দাবি অবশ্য বরাবরের মতোই খারিজ করে দিয়েছে ভারত। দিল্লির স্পষ্ট অবস্থান, পাকিস্তান ও জম্মু-কাশ্মীর সংক্রান্ত যে কোনও ইস্যু দ্বিপাক্ষিক এবং এতে তৃতীয়পক্ষের হস্তক্ষেপের জায়গা নেই। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন সিঁদুর চলাকালীন দু-দেশের সামরিক বাহিনীর ডিজিএমও স্তরে সরাসরি আলোচনার মাধ্যমেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *