ডালখোলাঃ মদ্যপ অবস্থায় পুত্রবধূকে নিজের মেয়ে ভেবে খুন করলেন শ্বশুর। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ডালখোলা থানার অন্তর্গত বাজারগাও ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিষণপুর আনসারি পাড়ায়। মৃত গৃহবধূর নাম হাসিনা আনসারি (১৮)। ঘটনার পর থেকেই বেপাত্তা খুনে অভিযুক্ত লোকমান আনসারি। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।
জানা গিয়েছে, নিজের পছন্দের পাত্রকে মেয়ে বিয়ে করায় তা মেনে নিতে পারেননি বাবা লোকমান আনসারি। বিয়ের পর থেকেই মেয়ের সঙ্গে লোকমানের বিবাদ লেগেই থাকত। এদিন মেয়ে নিজের বাড়িতে আসলে লোকমানের সঙ্গে ফের শুরু হয় বিবাদ। বিবাদ চরম আকার নিলে বাড়ি থেকে বেরিয়ে যান লোকমান। বেশ কিছুক্ষণ পর সে মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে নিজের ঘরে চলে যান।
এদিকে, এদিন বিকেলে ননদের পোশাক পরে ঘুমাচ্ছিলেন পুত্রবধূ হাসিনা আনসারি। সেই সময় ঘর থেকে একটি ধারাল ছুরি নিয়ে এসে পুত্রবধূকে মেয়ে ভেবে পেটে ঢুকিয়ে দেন। এরপরেই ভুল হয়েছে বুঝতে তৎক্ষণাৎ চম্পট দেন লোকমান।
এদিকে গুরুতর জখম অবস্থায় হাসিনাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে নিয়ে যায় কিশনগঞ্জ সদর হাসপাতালে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রেফার করা হয় পূর্ণিয়া মেডিকেল কলেজে। মঙ্গলবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাসিনার। এদিনই ডালখোলা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত শ্বশুরের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
