প্যারিস: মোগল আমলের (Mughal interval) ‘ময়ূর সিংহাসন’ কিংবা ‘কোহিনুর মণি’ কিছুই ফেরত পায়নি ভারত (INDIA)। শোনা যায়, সেই সিংহাসনের ভগ্নাবশেষ আছে ইরানের কোষাগারে। আর কোহিনুর শোভা পাচ্ছে টাওয়ার অফ লন্ডনের রাজমুকুটে। কিন্তু ঔপনিবেশিক আমলে লুট করা জিনিসপত্র ফেরতের ক্ষেত্রে ব্যতিক্রমী নজির রাখল ফ্রান্স (France)। ১২৮ বছর পর মালাগাসি রাজা তোয়েরার খুলি ও অন্যান্য দেহাবশেষ মাদাগাস্কার সরকারকে (Authorities of Madagascar) ফেরত দিল ফ্রান্স!
১৮৯৭ সালে ফরাসি সেনারা রাজাকে হত্যা করে তাঁর মাথা কেটে নিয়ে যায় ‘ট্রফি’ বা ‘বিজয়ের স্মারক’ হিসাবে। ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির শতাধিক অন্যান্য দেহাবশেষের সঙ্গে এই খুলিটিও এতদিন প্যারিসের জাতীয় ইতিহাস জাদুঘরে রাখা ছিল। ফরাসি সংস্কৃতি মন্ত্রী রশিদা দাতি এবার প্রকাশ্যে মেনে নিয়েছেন, ‘এই সংগ্রহ ছিল মানব মর্যাদার অপমান এবং ঔপনিবেশিক হিংসার প্রতীক।’
ফ্রান্সের সৌজন্যে আপ্লুত মাদাগাস্কারের সংস্কৃতি মন্ত্রী ভোলামিরান্তি ডোনা মারা বলেন, এভাবে সাংস্কৃতিক সম্পদ ফিরে পাওয়া সব সময়েই আনন্দের। এটা নিছক হাড়গোড় নয়, বরং দ্বীপবাসীর আত্মার মুক্তি। ১২৮ বছর ধরে তাঁদের মনে ছিল এক দগদগে ক্ষত। এবার অন্তত নিজেদের মাটিতে পূর্বসূরিদের সমাহিত করা সম্ভব হবে।
যদিও ফেরত পাওয়া মাথার খুলিটা সত্যিই রাজা তোয়েরার কি না, তা নিয়ে পুরোপুরি নিশ্চিত নন বিজ্ঞানীরা। রশিদা দাতির কথায়, ‘খুলিগুলি যে সাকালাভা জনগোষ্ঠীর, তা নিশ্চিত করেছে দুই দেশের এক যৌথ বৈজ্ঞানিক কমিটি। কিন্তু তার একটি যে রাজা তোয়েরার, তা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করার উপায় নেই। শুধুমাত্র অনুমানের ভিত্তিতেই এই দাবি করা হচ্ছে।’ তবে তাতে মাদাগাস্কারের মানুষের কিছু যায় আসে না। ওই খুলিটি তাঁদের ঐতিহাসিক রাজার বলেই বিশ্বাস দ্বীপবাসীর।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বরাবর ফ্রান্সের ঔপনিবেশিক ইতিহাস নিয়ে ‘ক্ষমা ও দায় স্বীকার’-এর বার্তা দিয়ে এসেছেন। মূলত তাঁরই উদ্যোগে ২০২৩ সালে দেশে নতুন আইন পাশ হয়, যাতে মানবদেহের অবশেষ ফেরানো সহজ হয়েছে। এরপর থেকে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা সহ অনেক দেশই নিজেদের পূর্বসূরিদের অবশিষ্টাংশ ফেরত চাইতে শুরু করেছে প্যারিসের কাছ থেকে।
রবিবার খুলি তিনটি নিয়ে যাওয়া হবে মাদাগাস্কারের মাটিতে। সেখানে যথাযোগ্য মর্যাদায় তাঁদের কবরে শায়িত করা হবে। এতে ইতিহাসের পুরোনো ক্ষত হয়তো পুরোপুরি ভরাট হবে না, কিন্তু মাদাগাস্কারের প্রাচীন রাজার মাথা ফ্রান্সের আলমারির বদলে এখন থেকে জন্মভূমিতেই শায়িত থাকবে। এটা কম সান্ত্বনা নয়।
The put up Skull of the King Malagasy | ১২৮ বছর পর রাজা মালাগাসির খুলি ফেরাল ফ্রান্স appeared first on Uttarbanga Sambad.
