কোচবিহার : ডোডেয়ারহাটে গুলিকাণ্ডে এক শার্প শুটারকে গ্রেপ্তার করল পুণ্ডিবাড়ি থানার পুলিশ। শনিবার গভীর রাতে অসম-বাংলা সীমান্তের বক্সিরহাট থানার নাকা চেকিং পয়েন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের হেপাজত থেকে একটি পিস্তল ও চারটি নাইন এমএম কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।
রবিবার সাংবাদিক সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানিয়েছেন, ৯ অগাস্ট বিকেলে ডোডেয়ারহাটে গুলি চলে। সেখানে অমর রায় মারা যান এবং আলমগির হোসেন গুলিবিদ্ধ হয়ে একটি নার্সিংহোমে ভর্তি হন। ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায়, অমরের শরীরে চারটি গুলি লেগেছে। দুটি মাথায় ও দুটি পেটে। এরপর ঘটনার তদন্তে নেমে অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে কোচবিহার-২ ব্লকের সিদ্ধেশ্বরীর বাসিন্দা বিনয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিনয়ের বিরুদ্ধে বহু মামলা রয়েছে। অভিযুক্ত প্রায় সাত বছর ধরে শিলিগুড়িতে থাকছিলেন। তবে কী কারণে এই খুন, কারা বিনয়কে খুনের বরাত দিয়েছিল, তা পুলিশ স্পষ্ট করেনি। একই সঙ্গে পুলিশ জানিয়েছে, বহু বছর ধরে অমরের সঙ্গে বিভিন্ন গ্রুপের শত্রুতা ছিল। তবে খুনের পেছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কিনা, তা স্পষ্ট নয়।
