Coochbehar | তৃতীয়াতেই অধিকাংশ মণ্ডপে পুজো দেখা শুরু

Coochbehar | তৃতীয়াতেই অধিকাংশ মণ্ডপে পুজো দেখা শুরু

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিবশংকর সূত্রধর ও প্রসেনজিৎ সাহা, কোচবিহার ও দিনহাটা : পঞ্জিকার হিসেবে মাতৃপক্ষ শুরুর আগেই রাজ্যের বেশকিছু দুর্গাপুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে আবার ভার্চুয়ালিও কিছু পুজোর উদ্বোধন করেছেন। রবিবার মহালয়ার দিন কোচবিহার জেলায় ১৬টি পুজোর সঙ্গেই রাজ্যের বেশকিছু পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেইজন্য তোড়জোড় শুরু হলেও কোচবিহারের পুজো উদ্যোক্তারা এখন পর্যন্ত মণ্ডপের কাজ সম্পূর্ণ করতে পারেনি। কোথাও মণ্ডপে প্রতিমাই আনা হয়নি, আবার কোথাও আলোকসজ্জার কাজ সম্পন্ন হয়নি। মহালয়াতে পুজোর উদ্বোধন হলেও তৃতীয়াতেই কোচবিহারের অধিকাংশ পুজোমণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী রবিবার যে পুজোগুলির উদ্বোধন করবেন তার মধ্যে অন্যতম শহরের রেলগুমটি সংলগ্ন অকালবোধন কর্মী সংঘের পুজো। এবার তাদের ৭৫তম বর্ষ। তবে উদ্বোধনের দিনক্ষণ একদম শেষমুহূর্তে ঠিক হওয়ায় এখন চূড়ান্ত ব্যস্ততার মধ্যে কাটছে উদ্যোক্তাদের। এখনও প্যান্ডেলের ২০ শতাংশ কাজ বাকি রয়েছে। মণ্ডপে প্রতিমা আনা হলেও আলোকসজ্জার কাজ সম্পূর্ণ হয়নি। পুজো কমিটির সম্পাদক শংকর সাহা বলছেন, ‘যেহেতু মণ্ডপের কাজ পুরোপুরি হয়নি তাই বাইরেই উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে। শনিবার সারারাত ধরে কাজ চলবে। সোমবার থেকে আলোকসজ্জা চালুর ব্যবস্থা করা হবে। দর্শনার্থীদের জন্য তৃতীয়া থেকেই মণ্ডপ খুলে দেওয়া হবে।’ ভারত ক্লাব ও ব্যায়ামাগারের পুজোরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তবে সেখানকার মণ্ডপসজ্জা কাজ এখনও বাকি। শনিবারও প্রতিমাও আনা হয়নি। আয়োজকদের পক্ষে দেবাশিস বসুর বক্তব্য, ‘সোমবার প্রতিমা আনা হবে। চতুর্থী থেকে দর্শনার্থীরা প্রতিমা দর্শনের সুযোগ পাবেন।’
বাবুরহাট দুর্গাপুজো কমিটি অবশ্য মহালয়া থেকেই দর্শনার্থীদের মণ্ডপ দর্শনের ব্যবস্থা করে দেবে। যদিও সেখানে এখন পর্যন্ত ১৫ শতাংশ কাজ বাকি রয়েছে। আলোকসজ্জা শুরু হবে সোমবার থেকে। পুজো কমিটির সম্পাদক জয়কেশ রাউত বলেন, ‘মহালয়াতে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি আমাদের পুজোর উদ্বোধন করবেন। আগে কথা ছিল ২৪ তারিখে তিনি উদ্বোধন করবেন। কিন্তু শেষ মুহূর্তে তারিখ বদল হওয়ায় আমরা তড়িঘড়ি সব ব্যবস্থা করছি।’
কোচবিহার তথা উত্তরবঙ্গের মধ্যে দুর্গোৎসবের অন্যতম বড় আয়োজন হয় দিনহাটায়। মহালয়ার দিন মুখ্যমন্ত্রী দিনহাটা শহিদ কর্নারের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন। কমিটির সম্পাদক দিলীপ দে’র কথায়, ‘প্রায় ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে, প্রতিমাও আনা হয়ে গিয়েছে। তবে ভার্চুয়ালি উদ্বোধন হলেও ২৫ সেপ্টেম্বর থেকেই মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।’
তুফানগঞ্জ নিউটাউন ক্লাব পরিচালিত হরিরধাম সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো রবিবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। সম্পাদক নিরঞ্জন পাল জানিয়েছেন, মণ্ডপের কাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। রবিবার সকালে প্রতিমা আনা হবে। তবে দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে চতুর্থীতে। মহালয়ার পর ধাপে ধাপে অন্যান্য পুজোর উদ্বোধন হবে। দিনহাটার গোসানি রোড আদর্শ ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষে এবারের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। ২৪ সেপ্টেম্বর তাদের পুজোর উদ্বোধন। গোসানি রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজোও ২৪ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *