Cooch Behar | ৫০ বছরেও চালু হয়নি বিজ্ঞান বিভাগ

Cooch Behar | ৫০ বছরেও চালু হয়নি বিজ্ঞান বিভাগ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


দেবদর্শন চন্দ, কোচবিহার: কলাবাগান হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ চলছে। অথচ এতদিনেও বিজ্ঞান বিভাগ চালু হয়নি এই স্কুলে। একসময় বিজ্ঞান বিভাগ চালুর জন্য উচ্চশিক্ষা দপ্তরে আবেদন জানানো হলেও পরবর্তীতে বিষয়টি আর বেশি দূর এগোয়নি। এদিকে, বছরখানেক আগে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গিয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিও।

বিদ্যালয়ের টিআইসি অনির্বাণ মজুমদারের বক্তব্য, ‘একসময় বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালুর জন্য আবেদন করা হলেও সেসময় বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা কম ছিল। শিক্ষকের অভাবে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিও আপাতত বন্ধ রয়েছে।’

১৯৭৫ সালে শহরের (Cooch Behar) কলাবাগান এলাকায় কয়েক বিঘা জমিতে স্থাপিত হয় বিদ্যালয়টি। গ্রাম এবং শহরের সংযোগস্থলে স্কুলটি হওয়ায় শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার বহু পড়ুয়া সেখানে পড়াশোনা করে। বর্তমানে বিদ্যালয়টিতে সবমিলিয়ে প্রায় ৭৫০ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক রয়েছেন ২৬ জন।

বিদ্যালয়টিতে রয়েছে পরিকাঠামোগত নানা সমস্যাও। বিদ্যালয়ের একটি ঘরের ছাদে ফাটল থাকায় বর্ষা এলেই সমস্যায় পড়তে হয়। এছাড়াও বিদ্যালয়ে ভূগোল বিভাগে ল্যাবরেটরিতে পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব রয়েছে। লাইব্রেরিতে পর্যাপ্ত বইয়ের অভাব রয়েছে। পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের সাইকেল এবং বাইক রাখার জন্য কোনও স্ট্যান্ড নেই। ফলে রোদ-জল এবং ঝড়ে খোলা আকাশের নীচেই ফেলে রাখতে হয় যানবাহনগুলি। বিষয়গুলি অবশ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এতদিনেও সুরাহা মেলেনি বলে অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষকের কথায়, ‘জলনিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকায় বিদ্যালয়ের পেছনের দিকের মাঠটি বছরের অধিকাংশ সময় জলমগ্ন থাকে। এছাড়াও বিদ্যালয়ে সাইকেল এবং বাইক স্ট্যান্ড না থাকায় সমস্যায় পড়তে হয়।’ টিআইসির দাবি, পরিকাঠামোগত সমস্যার বিষয়গুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *