Cooch Behar | আসন নিয়ে জট ফব-সিপিএমের

Cooch Behar | আসন নিয়ে জট ফব-সিপিএমের

শিক্ষা
Spread the love


কোচবিহার: বিধানসভা নির্বাচনের আগে বামেদের আসন বিন্যাস নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বরাবরই কোচবিহারের নয়টির মধ্যে ফরওয়ার্ড ব্লক পাঁচটিতে প্রার্থী দিয়ে থাকে। তবে এবার সিপিএম বেঁকে বসেছে। তারা ফরওয়ার্ড ব্লককে পাঁচটি আসন ছাড়তে রাজি নয়। এনিয়ে জেলা স্তরের বৈঠকও হয়েছে। সেখানে বিষয়টির মীমাংসা না হওয়ায় দুই শরিকের জেলা নেতারা এখন রাজ্য নেতৃত্বের দিকে তাকিয়ে রয়েছেন। সূত্রের খবর, সিপিএম নিজেদের মতো করে নয়টি আসনেই তাদের সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা তৈরি করে রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়েছে।

সিপিএমের দাবি, জেলায় সিপিএমের তুলনায় ফরওয়ার্ড ব্লক অনেক দুর্বল। তাই সিপিএমকেই বেশি আসন ছাড়া উচিত। ওদিকে, ফরওয়ার্ড ব্লকও পিছিয়ে নেই। তারা নিজেদের আসন ধরে রাখতে রাজ্য নেতৃত্বের কাছে দরবার করেছে। কংগ্রেসের সঙ্গে বামেদের যে জোট হচ্ছে না তা আগেই কংগ্রেস নেতৃত্ব ঘোষণা করে দিয়েছে। তার জেরেই কোচবিহার জেলার আসন সমঝোতা নিয়ে এখন সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। সিপিএমের জেলা সম্পাদক অনন্ত রায় অবশ্য দ্বন্দ্বের কথা মানতে নারাজ। তিনি বলেছেন, ‘সিপিএম ও ফরওয়ার্ড ব্লকের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। সিপিএম সাংগঠনিকভাবে যে দুর্বল হয়েছে তা অস্বীকার করার কোনও জায়গা নেই। তবে ফরওয়ার্ড ব্লক আরও বেশি দুর্বল। তাই বাস্তব পরিস্থিতির উপর নির্ভর করেই আমরা বেশি আসন চেয়েছি। তবে চূড়ান্ত যা সিদ্ধান্ত নেওয়ার, তা রাজ্য নেতৃত্বই নেবে।’ ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকার অবশ্য বিতর্ক এড়াতে এবিষয়ে মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেছেন, ‘কলকাতায় আমাদের রাজ্যের বৈঠক হচ্ছে। সেখানে রয়েছি। প্রার্থী নিয়ে রাজ্য বাম নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
কোচবিহারকে একসময় ফরওয়ার্ড ব্লকের গড় বলা হত। প্রাক্তন মন্ত্রী কমল গুহ হোক কিংবা বর্তমানে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, তাঁরা উঠে এসেছেন ফরওয়ার্ড ব্লকের হাত ধরেই। রাজ্যজুড়ে যখন সিপিএমের ঝড় বইত, তখনও কোচবিহার জেলাজুড়ে ফরওয়ার্ড ব্লকের আধিপত্য থাকত। রাজ্যে পালাবদলের পর অবশ্য সিপিএমের সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড ব্লকের ক্ষমতাও হ্রাস পেয়েছে। গত বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছিল। তাই সিতাই কেন্দ্রটি কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়। কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, দিনহাটা ও মেখলিগঞ্জ আসনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেয়। নাটাবাড়ি, তুফানগঞ্জ, শীতলকুচি ও মাথাভাঙ্গায় সিপিএমের প্রার্থী ছিল। অন্য সময় সিতাই আসনে প্রার্থী দিত ফরওয়ার্ড ব্লকই। তবে এবারের নির্বাচনে সিপিএম নেতৃত্ব বেঁকে বসায় আপাতত আসন বিন্যাস নিয়ে জলঘোলা চলছেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *