উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২১ মার্চ লন্ডন (London) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ফিরবেন ২৮ তারিখ। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থও। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরকালে এই ক’দিন প্রশাসনিক কাজকর্ম কীভাবে চলবে? নবান্নের রাশ কাদের হাতে থাকবে?। এ সবকিছু নিয়ে টাস্ক ফোর্স গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশে থাকাকালীন যোগাযোগ রাখবে এই টাস্ক ফোর্স।
বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘সিএস আমার সঙ্গে যাচ্ছে, তাই কোনও প্রয়োজন হলে সিদ্ধান্ত নেওয়ার জন্য টাস্ক ফোর্স করে দিয়ে যাচ্ছি।’ মুখ্যমন্ত্রীর কথায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম – এই পাঁচজনকে নিয়ে টাস্ক ফোর্স তৈরি করা হল। এছাড়া দুই পুলিশকর্তা রাজীব কুমার ও মনোজ ভার্মা আইনশৃঙ্খলা পরিস্থিতি কড়া নজরে রাখবেন। জেলাগুলির দায়িত্বও তাঁদের উপর। সেইসঙ্গে কয়েকজন আমলাকেও বাড়তি দায়িত্ব দিলেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, ‘কখনও কখনও রাজ্যের স্বার্থে বাইরে যেতে হয়। সেজন্যই যাচ্ছি। আর এসময় যাতে কোনও সমস্যা তৈরি না হয়, সেজন্যই এই কমিটি গঠন করে দিয়ে গেলাম। ওখানে থেকেও আমি সবকিছুর খোঁজখবর নেব। দরকারে টাস্ক ফোর্সের সদস্যরা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন।’ বাংলার সম্মান বৃদ্ধির দায়িত্ব সকলের বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।
