CM Mamata Banerjee | ‘দিল্লি থেকে এসে বাংলা দখল করা যায় না’, ভাষা দিবসে বিজেপিকে হুঁশিয়ারি মমতার

CM Mamata Banerjee | ‘দিল্লি থেকে এসে বাংলা দখল করা যায় না’, ভাষা দিবসে বিজেপিকে হুঁশিয়ারি মমতার

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মঞ্চ থেকে নাম না করে বিজেপি (BJP) তথা কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। শুক্রবার কলকাতার দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, গায়ের জোরে বাংলা দখল করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাচ্চারা যেমন জেদ ধরে, ওদের দেখেও মনে হয় বাংলার জন্য বড্ড বেশি হ্যাংলা ওরা! কিন্তু জবরদস্তি করে, বুলডোজ করে মন পাওয়া যায় না। আগে বাংলা জানুন, মানুষকে ভালোবাসতে শিখুন।’

সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে ভিনরাজ্যে বাংলাভাষীদের ‘অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে হেনস্তার অভিযোগকে এদিন হাতিয়ার করেন তৃণমূল নেত্রী। দিল্লি, ওডিশা বা ঝাড়খণ্ডের মতো রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করে তিনি প্রশ্ন তোলেন, ‘বাংলায় কথা বলা কি অপরাধ? এ রাজ্যে আড়াই কোটি ভিনরাজ্যের মানুষ ভাইবোনের মতো আছেন। তবে আমাদের রাজ্যের মানুষেরা বাইরে গিয়ে হেনস্তা হবেন কেন?’ তিনি সাফ জানান, মাতৃভাষার ওপর কোনও আঘাত এলে বাংলা মাথা নত করবে না।

দেশের বর্তমান পরিস্থিতিকে ‘একনায়কতন্ত্র’ বলে অভিহিত করে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সুর চড়িয়ে বলেন, ‘দিল্লি থেকে এসে বাংলা দখল করা যায় না। এখানে এসে কি মাছ-মাংস খাওয়া বা শাড়ি পরাও বন্ধ করে দেবেন?’ সেই সঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR)-এর মাধ্যমে মানুষের অধিকার কাড়ার চেষ্টা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর কথায়, বাংলা ভাষা বা সংস্কৃতি কারও দয়ায় আসেনি, তাই গায়ের জোরে এই সংস্কৃতিকে হরণ করা সম্ভব নয়। সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তা দিলেও, বাঙালির আত্মসম্মান রক্ষায় সকলকে ‘দুর্যোধন-দুঃশাসনে’র বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *