উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ায় উত্তাল থাকবে সমুদ্র। তবে পশ্চিমবঙ্গে এর সরাসরি প্রভাব পড়বে না। জেলায় জেলায় আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। ভোরের দিকে বাড়বে কুয়াশার প্রভাব, মিলবে হালকা শীতের অনুভূতিও। আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে জেলাগুলিতে? জেনে নিন (Climate Replace)।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পংয়ে রাতে ও ভোরে কুয়াশার দাপট বাড়বে। আগামী দু’দিনে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির আবহাওয়াও মোটের উপর শুষ্কই থাকবে। তবে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজতে পারে উপকূলবর্তী জেলাগুলিও। আগামী কয়েকদিন তাপমাত্রা হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি নিম্নচাপের প্রভাবে মঙ্গল ও বুধবার উত্তাল থাকবে সমুদ্র। প্রতি ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
