উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতায় ফেব্রুয়ারি শেষ হতেই আবহাওয়ায় (Climate Replace) বড়সড়ো রদবদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে তাপমাত্রার বিশেষ পরিবর্তন না হলেও, আগামী সপ্তাহ থেকেই গরমের দাপট বাড়তে শুরু করবে। শীতের আমেজ কাটিয়ে বসন্তের বিদায় এবং গরমের আগমনের এই সন্ধিক্ষণে রাজ্যজুড়ে এখন শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস।
উত্তরবঙ্গের (North Bengal Climate Replace) পরিস্থিতি:
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। হিমালয় সংলগ্ন জেলাগুলোতে আগামী দু’দিন তাপমাত্রার বড়সড়ো পরিবর্তন না হলেও, পরবর্তী সময়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সেখানেও আগামী এক সপ্তাহ মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) আবহাওয়া:
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়া প্রায় একই রকম থাকবে। আজ এবং আগামীকাল (রবিবার) পর্যন্ত সকাল ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়বে। তবে সোমবার থেকে দৃশ্যত বদলাবে পরিস্থিতি। আগামী সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। সামগ্রিকভাবে তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতার হালহকিকত:
তিলোত্তমায় শীতের আমেজ এখন কেবল ভোরে এবং রাতে সীমাবদ্ধ। আজ কলকাতার পারদ ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও সোমবার থেকে তা দ্রুত ঊর্ধ্বমুখী হবে। আগামী ৬-৭ দিন কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি না থাকলেও শুকনো গরম অনুভূত হবে।
আগামী সাতদিন রাজ্যজুড়ে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে। তবে আবহাওয়া পরিবর্তনের এই সময়ে ভাইরাল ফিভার বা সর্দি-কাশির প্রকোপ বাড়তে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা।
