উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বসন্তের শুরুতেই বঙ্গজুড়ে আবহাওয়ার (Climate Replace) ভোলবদল। গত কয়েকদিনের শীতের আমেজ কাটিয়ে দক্ষিণবঙ্গে এখন উষ্ণতার ছোঁয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। তবে এই স্বস্তি স্থায়ী হবে না, কারণ সপ্তাহের শুরুতেই রাজ্যে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
শুক্রবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Climate) একাধিক জেলায় হালকা কুয়াশার দাপট দেখা গিয়েছে। তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত আকাশ মূলত পরিষ্কার ও শুষ্ক থাকলেও রবিবার থেকে বদলে যাবে দৃশ্যপট। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করায় এবং উত্তরবঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার ফলে বৃষ্টির (Rain) অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।
বৃষ্টির পূর্বাভাস ও ঝোড়ো হাওয়া
রবিবার থেকে বুধবার পর্যন্ত রাজ্যের উত্তর (North Bengal Climate) ও দক্ষিণ—উভয় বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকছে, তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কলকাতার পরিস্থিতি
মহানগরীতে শীতের অনুভূতি এখন পুরোপুরি উধাও। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আপাতত শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার বা মঙ্গলবার হালকা বৃষ্টির মুখ দেখতে পারে শহরবাসী।উপকূলীয় জেলাগুলোতে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ভোরের দিকে ধোঁয়াশা তৈরি হতে পারে। তবে বেলার দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
