উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গে শীতের আমেজ কাটিয়ে এবার বিদায়বেলার সুর (Climate Replace)। গত কয়েকদিন মনোরম আবহাওয়া থাকলেও, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে এবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে গরমের অস্বস্তির মাঝেই সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং জম্মু-কাশ্মীরে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় রাজ্যের আবহাওয়ায় বড়সড়ো বদল আসতে চলেছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে আগামী কয়েক দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও ৮ মার্চ অর্থাৎ রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার ও মঙ্গলবার এই জেলাগুলির পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে দিনের বেলা তাপমাত্রা বাড়লেও রাতের দিকে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে (South Bengal) এখন থেকেই অনুভূত হচ্ছে গরমের দাপট। তবে রবিবার থেকে আবহাওয়ার ভোলবদল হতে পারে। রবিবার হুগলী, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির ভ্রকুটি রয়েছে। সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে।
কলকাতায় আগামী চারদিন আবহাওয়া শুষ্ক থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। আকাশ মূলত পরিষ্কার থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে শুরু করবে।
আগামী ৭ দিন সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনও হেরফের না হলেও শীতের আমেজ পুরোপুরি উধাও হতে চলেছে। আবহাওয়া দপ্তরের মতে, ভোরের দিকে যে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছিল, তা-ও এই সপ্তাহের পর আর থাকবে না। মূলত ঘূর্ণাবর্তের কারণে জলীয় বাষ্পের প্রবেশ এবং ঝঞ্ঝার প্রভাবেই অকাল বৃষ্টির এই সম্ভাবনা তৈরি হয়েছে।
