উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওজন কমাতে নিয়মিত চিয়া বীজ (Chia Seeds) খান অনেকেই। কিন্তু তাতেও অনেক সময় কোনও ফলাফল মেলে না। এমনটা হতেই পারে যদি চিয়া বীজ খাওয়ার নিয়মে কোনও ভুল হয়। তাই চিয়া বীজ খাওয়ার সময় কোন ভুলগুলি অবশ্যই এড়িয়ে চলবেন, তা জেনে নিন।
১. চিয়া বীজ অবশ্যই জলে ভিজিয়ে খাওয়া উচিত। কারণ আজকাল বিভিন্ন ধরনের বীজ একসঙ্গে একটি প্যাকেটে ভরে বিক্রি হচ্ছে। সেই সমস্ত প্যাকেটে কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তরমুজের দানা, সয়বীনের দানা, তিসির বীজ, তিল, রোলড ওটস ইত্যাদি সবরকম জিনিসের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে চিয়াবীজও। আর দইয়ের সঙ্গে বিভিন্ন ধরনের বীজগুলি মিশিয়েই খাচ্ছেন অনেকে। কিন্তু চিয়া বীজ খাওয়ার আগে অন্তত ১৫-২০ মিনিট তা জলে ভিজিয়ে রাখতে হয়। এমনটা না করে চিয়া বীজ খেলে শরীরে অস্বস্তি হতে পারে।
২. চিয়া বীজ খেলে প্রচুর পরিমাণে জল খাওয়া দরকার। কারণ এই বীজ তার মোট ওজনের ১০ -১২ গুণ জল শুষে নিতে পারে। পরিমাণ মতো জল না থেলে হজমের সমস্যা এমনকি, কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে।
৩. অনেকে ভাবেন চিয়া বীজ নিয়মিত খেলেই ওজন কমে যাবে। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। কারণ চিয়া বীজ মূলত একটি সুষম খাবার। যার মধ্যে কিছু জরুরি মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। রয়েছে ফাইবার। যা কিছুক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে। কিন্তু চিয়া বীজ একা কখনই ওজন কমিয়ে দিতে পারে না।
