বিমানযাত্রীদের জন্য সুখবর। বিমানের অন্তত ৬০ শতাংশ আসন নির্বাচনের ক্ষেত্রে আর দিতে হবে না অতিরিক্ত ফি। বুধবার একটি নির্দেশিকায় এমনটাই জানাল কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।
এতদিন নিজের ইচ্ছামতো বিমানের আসন নির্বাচনের ক্ষেত্রে অতিরিক্ত ফি দিতে হত যাত্রীদের। এর মধ্যে জানলার ধারের আসন, অতিরিক্ত ‘লেগস্পেস’ থাকা আসনগুলির ফি সবথেকে বেশি। আসন নির্বাচনের ক্ষেত্রে এই অতিরিক্ত ফি নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন যাত্রীরা। সমাজমাধ্যমে বারবার সরবও হয়েছেন অনেকে। এই পরিস্থিতিতে বিমানযাত্রীদের স্বস্তি দিল কেন্দ্র।
আরও পড়ুন:
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, একই পিএনআর নম্বরে ভ্রমণকারী যাত্রীদের পাশাপাশি আসন দিতে হবে। অনেক ক্ষেত্রেই পরিবার বা বন্ধুদের সঙ্গে সফরের সময় পাশাপাশি আসন পেতে অতিরিক্ত অর্থ দিতে হত। কিন্তু এখন আর সেই সমস্যা রইল না। একই পিএনআর থাকলে যাত্রীরা পাশাপাশি আসনে বসতে পারবেন।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, বিমানে খেলাধুলার সরঞ্জাম, বাদ্যযন্ত্র এবং পোষ্য প্রাণী নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্পষ্ট এবং স্বচ্ছ নীতি তৈরি করতে হবে। যাত্রীরা বারবার অভিযোগ করেছিলেন, এই বিষয়গুলি নিয়ে এক এক বিমান সংস্থার এক এক নিয়ম। শুধু তা-ই নয়, অনেক ক্ষেত্রে অতিরিক্ত ফি নেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। সেই সমস্যার সমাধান করতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
বিমান পরিবহণ ব্যবস্থায় এখন অনেকটাই উন্নত ভারত। যাত্রীসংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন বিমানবন্দরে প্রায় ৫ লক্ষ যাত্রী যাতায়াত করেন। উড়ান পরিষেবা এবং যাত্রীসংখ্যার নিরিখে ভারত এখন বিশ্বে তৃতীয়। এই পরিস্থিতিতে যাত্রীস্বাচ্ছন্দে যাতে কোনও ত্রুটি না হয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কেন্দ্র।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
