উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড়সড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Summon)। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh) এবং শিক্ষা দপ্তরের প্রাক্তন সচিব মণীশ জৈন (Manish Jain)। আগামী ১৬ থেকে ১৯ মার্চের মধ্যে তাঁদের সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।চব
তদন্তকারী সূত্রে খবর, এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শিকড়ে পৌঁছতেই এই দুজনকে তলব করা হয়েছে। কয়েক দিন আগেই এই একই মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করেছেন আধিকারিকরা। পাশাপাশি, টাকা দিয়েও চাকরি না পাওয়া ১০০-র বেশি চাকরিপ্রার্থীকেও ডেকে পাঠিয়েছে ইডি। তাঁদের বয়ান ও কুন্তল-মণীশের বয়ান মিলিয়ে দেখে দুর্নীতির ‘মানি ট্রেল’ বা টাকার উৎস ও গন্তব্য স্পষ্ট করতে চাইছেন তদন্তকারীরা।
নিয়োগ দুর্নীতিতে মূলত ‘মিডলম্যান’ বা মধ্যস্থতাকারী হিসেবে কুন্তল ঘোষের নাম উঠে আসে। ২০২৩ সালে গ্রেফতার হওয়ার পর ২০২৪ সালে তিনি আদালত থেকে জামিন পান। তদন্তকারীদের দাবি ছিল, চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রার্থীদের থেকে কয়েক কোটি টাকা সংগ্রহ করেছিলেন কুন্তল। জেলে থাকাকালীন কুন্তল একটি ‘রহস্যময়’ ডায়েরির কথা উল্লেখ করেছিলেন, যেখানে টাকার লেনদেনের যাবতীয় হিসেব রয়েছে বলে তাঁর দাবি ছিল। সেই ডায়েরির তথ্যের সত্যতা যাচাই করা এবার ইডির অন্যতম লক্ষ্য।
প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈনের নাম মূলত কুন্তল ঘোষের বয়ান থেকেই উঠে আসে। অভিযোগ, নিয়োগ সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ নথিতে মণীশ জৈনের স্বাক্ষর রয়েছে। এর আগেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে মণীশকে জেরা করা হয়েছিল। এবার নতুন করে বয়ান মিলিয়ে দেখে কুন্তল ও মণীশ—এই দুই গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যেকার যোগসূত্র খুঁজতে মরিয়া কেন্দ্রীয় গোয়েন্দারা।
দীর্ঘদিন পর এই দুই প্রভাবশালীকে তলব করায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে গতি আসবে বলেই মনে করছে রাজনৈতিক ও আইনজ্ঞ মহল।
