উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা ও ইজরায়েলি হামলার ‘যথাযথ জবাব’ দেওয়ার যে হুঁশিয়ারি তেহরান দিয়েছিল, তার আঁচ এবার এসে পড়ল বিশ্বের অন্যতম প্রধান পর্যটন ও বাণিজ্য কেন্দ্র দুবাইয়ে। শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) দেখা গেছে, বিশ্বের উচ্চতম ইমারত বুর্জ খলিফার ঠিক পাশেই এক ভয়াবহ বিস্ফোরণ ও কালো ধোঁয়ার কুণ্ডলী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের ঠিক আগেই আকাশের দখল নিয়েছিল ইরানের তৈরি বিধ্বংসী ড্রোন। তবে আইকনিক এই গগনচুম্বী অট্টালিকাটি সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিল কি না বা এর কোনো কাঠামোগত ক্ষতি হয়েছে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। দুবাই প্রশাসন গোটা এলাকাটি ঘিরে রেখেছে।
জনবহুল এলাকায় ‘শাহেদ’ ড্রোনের তাণ্ডব
অন্য একটি হাড়হিম করা ভিডিও শেয়ার করেছে ‘নেক্সটা টিভি’ (Nexta TV)। সেখানে দেখা যাচ্ছে, ইরানের অস্ত্রাগারের অন্যতম প্রাণঘাতী ‘শাহেদ’ (Shahed) ড্রোন দুবাইয়ের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় দুটি বহুতলের মাঝখানে সরাসরি আঘাত হানছে। বিস্ফোরণের তীব্রতায় আকাশ ছুঁয়েছে আগুনের শিখা। উল্লেখ্য, এই শাহেদ ড্রোনগুলো বর্তমান সময়ের অন্যতম বিপজ্জনক যুদ্ধাস্ত্র হিসেবে পরিচিত।
জ্বলছে পাম জুমেইরাহ
বুর্জ খলিফার পাশাপাশি দুবাইয়ের কৃত্রিম দ্বীপ পাম জুমেইরাহ-তেও ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। একটি বিলাসবহুল ভবনে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় ৪ জনের আহত হওয়ার খবর জানানো হয়েছে।
