উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারে কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্র খুনের ঘটনায় (Bihar Gangster Homicide Case) জড়িত সন্দেহে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার (Arrest) করা হল ৬ জনকে। শুক্রবার রাতে বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং পাটনা পুলিশের যৌথ অভিযানে তাদের ধরা হয়েছে। তাদের জেরা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দন মিশ্র খুনের ঘটনায় বৃহস্পতিবার রাতে প্রথমে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত দুষ্কৃতী তৌসিফ রাজা ওরফে বাদশাকে। তাকে জেরা করে জানা যায় মনু সিং, বলবন্ত, সূর্যভান, নীলেশ, অভিষেক, নিশু সহ ১০ দুষ্কৃতী খুনের ঘটনায় জড়িত। পশ্চিমবঙ্গ থেকে যে ৬ জন গ্রেপ্তার হয়েছে তাদের নাম এখনও জানা যায়নি।
সম্প্রতি, পাটনায় (Patna) পারস হাসপাতালের ভিতরে ঢুকে প্যারোলে ছাড়া পাওয়া চিকিৎসাধীন অবস্থায় চন্দন মিশ্রকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবারের ঘটনা বিহারে (Bihar) নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। চন্দন মিশ্রকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। চন্দনের বিরুদ্ধে অপহরণ, তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে। বক্সারের কেসরী নামে এক রং ব্যবসায়ীকে খুনের মামলা চলছিল তার বিরুদ্ধে। সেই মামলায় জেলবন্দি ছিল সে। তার শারীরিক অসুস্থতার জন্য পাটনার হাসপাতালে প্যারোলে মুক্তি করিয়ে চিকিৎসা করাতে নিয়ে আসা হয়েছিল। পুলিশ সূত্রে জানা যায়, চন্দন কুখ্যাত অপরাধী ছিল। ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করা হয়। এরপর খোঁজ শুরু হয়। সেই ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে এই রাজ্য থেকে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।
