উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাস্তার ধারে খেলা করছিল একদল শিশু, কিন্তু মুহূর্তের অসতর্কতায় সেই আনন্দ বদলে গেল আর্তনাদে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে রাস্তা সংস্কারের জন্য রাখা রাসায়নিক ভর্তি ড্রাম ফেটে (Chemical Drum Explosion) গুরুতর আহত হল ৪ শিশু (Bhangar Blast)। দহনযন্ত্রণা সইতে না পেরে এক শিশু পাশের পুকুরে ঝাঁপ দেয়। বর্তমানে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের ঘটকপুকুর থেকে মধ্য খড়গাছি পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা মেরামতির কাজ চলছে। মঙ্গলবার রাস্তার ধারে প্রায় ২০০ লিটার লাইট ডিজেল অয়েল (LDO) ভর্তি একটি ড্রাম রাখা ছিল। খড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের চার ছাত্র— সাদিকুল মোল্লা, সামিউল মোল্লা, রায়হান মোল্লা এবং রিয়াজ হাসান মোল্লা সেখানে খেলছিল। আচমকাই বিকট শব্দে ড্রামটি ফেটে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে। আগুনে চারজনই দগ্ধ হয়, যার মধ্যে সাদিকুলের আঘাত অত্যন্ত গুরুতর।
বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে শিশুদের উদ্ধার করে প্রথমে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছান ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার সৈকত ঘোষ এবং বিধায়ক শওকত মোল্লা। বিধায়ক পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
জনবহুল রাস্তার ধারে কেন এমন বিপজ্জনক দাহ্য পদার্থ অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হল, তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। খবর পেয়ে কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে। ঠিকাদার সংস্থার গাফিলতি খতিয়ে দেখছে পুলিশ।
