বহরমপুর: সোমবার রাতে এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল বহরমপুরবাসী। কারণ এদিন সারমেয়দের বাঁচাতে মিছিলের আয়োজন করা হয় শহরে! আর সেই মিছিল থেকেই স্লোগান ওঠে, “কুকুর বাঁচাও, কুকুরের উপর নির্যাতন বন্ধ কর।” প্ল্যাকার্ড পোস্টার হাতে মিছিলে হাঁটলেন বহরমপুরের পশুপ্রেমীরা। মিছিলে পা মেলালেন পোষ্যরাও।
এই বিষয়ে পশ্চিমবঙ্গ পশুপ্রেমী নাগরিকবৃন্দ মঞ্চের সদস্যরা বলেন, ‘বর্তমান দিনে সারমেয়েদের ওপর অত্যাচার বেড়েই চলেছে।এমনকি কোর্ট পর্যন্ত তাদের প্রতি বিরূপ। ওদের জন্য সমাজে কেউ নেই, তবে আমাদের মত বহু মানুষ আছে যারা আগামী দিনে ওদের জন্য থাকব এই পৃথিবীতে।”
সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফে একটি মামলার শুনানিতে বলা হয়, সমস্ত গুরুত্বপূর্ণ স্থান থেকে পথকুকুরদের সরিয়ে ফেলতে হবে। হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেলস্টেশন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা থেকে আগামী ৮ সপ্তাহের মধ্যেই পথ কুকুরদের সরিয়ে ফেলতে হবে। তাহলে কুকুরদের রাখা হবে কোথায়? এদিন রাতে সেই প্রশ্ন তুলেই এই অভিনব মিছিলে পথে নামেন পশুপ্রেমীরা। বহরমপুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই মিছিল।
