উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দেশের সামরিক বাহিনীকে গাজা উপত্যকায় ‘তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা’ চালানোর নির্দেশ দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর নেপথ্যে তিনি কারণ হিসাবে হামাসের বিরুদ্ধে মার্কিন-মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগকেই তুলে ধরেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এই নির্দেশনার কথা জানানো হয়, যা ১০ অক্টোবর কার্যকর হওয়া এই চুক্তিটিকে আরও গভীর সংকটের মুখে ফেলল।
নেতানিয়াহুর কার্যালয় থেকে দাবি করা হয়েছে, হামাস যুদ্ধবিরতির “সুস্পষ্ট লঙ্ঘন” করেছে। চুক্তির শর্তানুযায়ী, হামাসের তরফে সমস্ত ইজরায়েলি বন্দিদেহ ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, গত সোমবার রাতে হামাস যে বন্দিদেহের আংশিক অবশেষ হস্তান্তর করেছিল, ইজরায়েলি ফরেনসিক পরীক্ষায় দেখা যায়, সেটি আগেই ইজরায়েলি সেনার দ্বারা গাজা থেকে উদ্ধার হওয়া একটি দেহের অংশাবশেষ। এরপরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় ‘তাৎক্ষণিক ও শক্তিশালী হামলা’ চালানোর নির্দেশ দেন নেতানিয়াহু। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে এই নির্দেশিকার কথা জানান হয়।
