উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ডিসেম্বরের শুরুতে গ্রাম বাংলায় শীত পড়েছে ভালোরকম। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ উত্তরবঙ্গের প্রায় সর্বত্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে আরও নামতে পারে পারদ। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে কুয়াশার দাপট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন শীতের দাপট উধাও হচ্ছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হিমেল হাওয়া কাঁপুনি ধরাচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনার উপকূল সংলগ্ন এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কলকাতায় আগামী কয়েক দিন রাতের তাপমাত্রায় তেমন হেরফের হবে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতি কমবে।
উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ভোরের দিকে কুয়াশা দেখা যাচ্ছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কুয়াশার দাপট বেশি থাকবে। ফলে কমতে পারে দৃশ্যমানতাও। পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। মালদা সহ উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। জম্মু ও কাশ্মীর এলাকায় আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। এর পাশাপাশি ১৭ ডিসেম্বর নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। তবে এর সরাসরি প্রভাব বাংলায় পড়ার সম্ভাবনা কম।
