বেলাকোবা: রাজগঞ্জের আমবাড়ি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের (CSP) বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল। এই ঘটনায় সোমবার ৪৪ জন প্রতারিত গ্রাহক ওই ব্যাঙ্কের ম্যানেজারের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন। জমি বিক্রির টাকা থেকে শুরু করে বহু কষ্টের সঞ্চয় হারিয়ে এখন দিশেহারা এলাকার বেশ কিছু পরিবার।
প্রতারণার কৌশল
অভিযোগ, আমবাড়ি এলাকার ওই সিএসপি-র তিন কর্মী— শিবু রায়, কেশরি রায় এবং তাপস রায়, টাকা জমা দেওয়ার নাম করে গ্রাহকদের থেকে টাকা নিতেন। পাস বই আপডেট করার নাম করে অশিক্ষিত গ্রাহকদের টিপসই নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। গত তিন মাস ধরে আচমকাই ওই গ্রাহক সেবা কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় প্রকাশ্যে আসে গোটা ঘটনা।
কান্নায় ভেঙে পড়েছেন গ্রাহকরা
প্রতারিত হওয়া প্রতিমা রায় জানান, “মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে ৮ লক্ষ টাকা জমা রেখেছিলাম। এখন শুনছি একাউন্টে টাকা নেই।” একইভাবে আলো বিশ্বাস নামের এক গ্রাহকের ১ লক্ষ ১০ হাজার টাকা এবং মীরা রায়ের ৫ লক্ষ টাকা উধাও হয়ে গেছে। বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তুষার দত্তের নেতৃত্বে এদিন ক্ষতিগ্রস্তরা ব্যাঙ্ক ম্যানেজারের দ্বারস্থ হন।
দায় এড়াচ্ছেন মালিক!
অভিযুক্ত সিএসপি মালিক রাজেশ রায় ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর দাবি, “আমার নিয়োগ করা তিন কর্মী এই তছরুপ করেছে। প্রায় ১৮ লক্ষ টাকা এবং ৪৫ জন গ্রাহক এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।” তিনি কর্মচারীদের সঙ্গে কথা বলে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
ব্যাঙ্কের প্রতিক্রিয়া
ঘটনাপ্রসঙ্গে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার নীলাক্ষ রায় জানিয়েছেন,”৪৪ জনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। আগামী বৃহস্পতিবার আমি নিজে আমবাড়িতে গিয়ে তদন্ত করব।”তদন্তের পর রিপোর্ট সন্তোষজনক না হলে গ্রাহকেরা আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তুষার দত্ত। বর্তমানে অভিযুক্ত তিন কর্মীর খোঁজ মিলছে না।
