উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হাত মেলানো কোনও আইন নয়, এটি স্রেফ একটি সৌজন্যতা! হ্যান্ডশেক বিতর্কের প্রেক্ষিতে এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) এক শীর্ষ কর্মকর্তা। এই প্রসঙ্গে সরকারি ভাবে বিসিসিআই কোনও বিবৃতি না দিলেও, এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন বোর্ডের ওই কর্মকর্তা। ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার কারণে এই ধরনের সৌজন্যতা বাধ্যতামূলক নয় বলেই দাবি করেছেন তিনি।
পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তের পেছনে ভারতীয় দলের পক্ষ থেকে কোনও ভুল হয়নি বলে সাফ জানিয়েছে বিসিসিআই। এই বিষয়ে বোর্ডের ওই শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, “আপনি যদি ক্রিকেটের নিয়মাবলী পড়েন, সেখানে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোর ব্যাপারে কোনও নির্দিষ্ট নিয়ম নেই। এটি একটি সদিচ্ছা এবং এক ধরনের প্রথা, কোনও আইন নয়।” তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ঠিক না থাকায়, ভারতীয় ক্রিকেটারদের জন্য এমন পরিস্থিতিতে হাত মেলানো বাধ্যতামূলক নয়।
অপরদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এই বিষয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এক্স (পূর্বের টুইটার)-এ পোস্ট করে লেখেন, “ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসি কোড অফ কন্ডাক্ট এবং স্পিরিট অফ ক্রিকেট-এর নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছে পিসিবি। পিসিবি এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের (Andy Pycroft) তাৎক্ষণিক অপসারণের দাবি জানিয়েছে।”
পাকিস্তান দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ম্যাচের আগে টসের সময়ও দুই দলের অধিনায়কদের হাত মেলাতে বারণ করেছিলেন ম্যাচ রেফারি। এই কারণেই পিসিবি ম্যাচ রেফারির উপর অসন্তুষ্ট।
