উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি (T-20) বিশ্বকাপের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে দেখা গিয়েছে দলের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল (Subhamana gil) বাদ পড়েছে। এতে অবাক হয়েছেন গিল অনুরাগীরা।
এদিকে গিলকে বাদ দিয়ে গম্ভীর-আগরকর টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকেও (Suryakumar Yadav) একপ্রকার বার্তা দিয়ে রাখলেন। কারণ অনেকদিন হল সূর্য ফর্মের মধ্যে নেই। শোনা গিয়েছে, তাঁকে নাকি ম্যানেজমেন্ট স্পষ্ট বলেছেন, অধিনায়ক বলেই তিনি টিমে রয়েছেন। পারফর্ম না করতে পারলে তাঁকেও বাদ পড়তে হবে।
চলতি বছরে ১৫ টি-টোয়েন্টি ইনিংস খেলে গিল করেছেন ২৯১ রান। স্ট্রাইক রেট ১৩৭। আর ১৯টি ইনিংস খেলে অধিনায়ক সূর্য করেছেন ২১৮ রান। তাঁর স্ট্রাইক রেট ১২৩.২। গড় ১৩.৬২। সর্বোচ্চ এশিয়া কাপে করেছেন ৪৭।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও চার ইনিংস খেলে সূর্যর খাতায় মোট সংগ্রহ ৩৪ রান। গড় মাত্র ৮.৫০। টিম ম্যানেজমেন্টের পষ্ট বার্তা অতীত পারফরম্যান্সের ওপর বিচার করে কাউকে দলে রাখা হবে না। আর টি-২০ বিশ্বকাপের পর সূর্যকে যে আর অধিনায়ক রাখা হবে না, তাও মোটামুটি স্পষ্ট।
তবে সূর্যকুমার যাদব আশাবাদী যে আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তিনি ফর্মে ফিরবেন।
তাঁর কথায়, “প্রত্যেকেই কোনও না কোনও সময় এমন খারাপ ফর্মের মধ্য দিয়ে যায়। কেরিয়ারে ওঠাপড়া লেগেই থাকে। আমি জানি আমাকে কী করতে হবে। সামনে নিউজিল্যান্ড সিরিজ রয়েছে। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপও। হাতে এখনও কিছুটা সময় রয়েছে। ঠিক সময়মতো আমি ফর্মে ফিরব।”
