বর্ধমান: ফের কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার বঙ্গে। এবার ঘটনাস্থল বর্ধমান স্টেশন (Bardhaman Station)। বৃহস্পতিবার ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১৮ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে আটক করা হয়। আরপিএফের তরফে শংকর কোটাল নামে এক রেল যাত্রীর লাগেজে তল্লাশি চালাতেই বাজেয়াপ্ত করা হয় ওই টাকা। কোনো তথ্য দেখাতে না পারায় পাকড়াও করা হয় ওই ব্যক্তিকে।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আটক ওই ব্যক্তির বাড়ি হুগলীর (Hooghly) ঠাকুরানীপুর এলাকায়। একটি ট্রলি ব্যাগ সঙ্গে নিয়ে বুধবার সে চলন্ত ট্রেন থেকে বর্ধমান স্টেশনে নামেন। ঝুঁকি নিয়ে তাকে চলন্ত ট্রেন থেকে নামতে দেখে সন্দেহ হয় আরপিএফের। প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তার ব্যাগ খুলতেই ওই বিপুল টাকা বাজেয়াপ্ত হয়। ওই টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেনি ওই ব্যক্তি। বাজেয়াপ্ত টাকা আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরপিএফ-এর দাবি, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি স্বীকার করেছে, যে সে অবৈধ সোনা ব্যবসার সঙ্গে যুক্ত। সে ২৫ নভেম্বর পাটনায় সোনা সরবরাহ করে টাকা নিয়ে ফিরছিল। অবৈধ লেনদেনের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
