উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে ভোটগ্রহণ (Bangladesh Election 2026) চলাকালীন ভয়াবহ ককটেল বিস্ফোরণ। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোপালগঞ্জ সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে (Gopalganj bomb blast)। এই বিস্ফোরণে ভোটকেন্দ্রের (Polling Station) নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য সহ এক নাবালিকা গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই ওই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। কিন্তু ঘড়িতে যখন সাড়ে ন’টা, তখনই ছন্দপতন ঘটে। অভিযোগ, ভোটকেন্দ্রের পাশের খালের ওপার থেকে হঠাৎই একদল দুষ্কৃতী ককটেল ছোড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা চত্বর। বিস্ফোরণের ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই ঘটনায় কর্তব্যরত আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার ও জামাল হোসেন জখম হন। এছাড়াও ভোট দিতে আসা অভিভাবকের সঙ্গে থাকা আমেনা খানম (১৪) নামে এক নাবালিকাও আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের তীব্রতায় ভোটকেন্দ্রের মূল ফটকটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি সেখানে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। এসআই জাহিদুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই কেন্দ্রে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের নমুনা সংগ্রহ করেছে। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, বর্তমানে ভোটগ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক ছন্দে ফিরছে এবং ভোটারদের সুরক্ষায় কড়া নজরদারি চালানো হচ্ছে। তবে এই ধরনের নাশকতামূলক কাজে কারা জড়িত, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গোপালগঞ্জ বরাবরই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামি লিগের অভেদ্য দুর্গ হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনে আওয়ামি লিগ অংশগ্রহণ করেনি। বৃহস্পতিবার সকাল থেকেও ভোটারদের উপস্থিতি ছিল অত্যন্ত নগণ্য। এরই মধ্যে ভোটকেন্দ্র লক্ষ্য করে বোমাবাজির ঘটনা জনমনে আরও ভীতির সৃষ্টি করেছে।
