উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোট ফেব্রুয়ারিতে একই দিনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এমনটাই জানালেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)।
এদিন দুপুরে জাতির উদ্দেশে ভাষণে ইউনূস বলেন, ‘আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না।’
গণভোটে চারটি বিষয়ের উপর ভোটগ্রহণ হবে। গণভোটের ব্যালটে উপস্থাপন করার প্রশ্নও নির্ধারিত করা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে ‘জুলাই জাতীয় সনদ’ অন্তর্ভুক্ত করার বিষয়ে পদক্ষেপ করা হবে।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামি। এনসিপি বলেছিল, জুলাই আন্দোলনের সনদ গণভোট পাশ না হলে তারা জাতীয় নির্বাচন করতে দেবে না। আবার খালেদা জিয়ার দল বিএনপি (BNP) জানিয়েছিল, জাতীয় সংসদের ভোটের দিনই গণভোট চাইছে তারা। তবে এবিষয়ে এদিন ইউনূস স্পষ্ট করে দিলেন, বাংলাদেশে একই দিনে হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
