উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রকাশিত হল ‘বঙ্গসম্মান’ প্রাপকদের নামের তালিকা (Banga Samman)। সংগীত, শিল্প ও বিনোদনজগতের একঝাঁক উজ্জ্বল নক্ষত্রকে ‘বঙ্গবিভূষণ’ (Banga Bibhushan) ও ‘বঙ্গভূষণ’ (Banga Bhushan) সম্মানে ভূষিত করল পশ্চিমবঙ্গ সরকার। প্রতি বছরের মতো এবছরও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
এবছর বঙ্গবিভূষণ প্রাপকদের তালিকায় নাম রয়েছে একাধিক প্রবাদপ্রতিম শিল্পী ও তরুণ তুর্কিদের। গানের জগতে বিশেষ অবদানের জন্য এই সর্বোচ্চ সম্মান পাচ্ছেন নচিকেতা চক্রবর্তী, শিবাজী চট্টোপাধ্যায় ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী ও লোপামুদ্রা মিত্র। শিল্পকলায় অনন্য অবদানের জন্য চিত্রকর গণেশচন্দ্র হালুই এবং সাহিত্যে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ পেয়েছেন।
অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি পরিচালনার ক্ষেত্রেও ছাপ রাখা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পেলেন বঙ্গভূষণ সম্মান। প্রায় তিন দশকের দীর্ঘ কেরিয়ারে বাংলা ও মুম্বইয়ের চলচ্চিত্র জগতে তাঁর অবদান আজ সর্বজনবিদিত। পরমব্রতর পাশাপাশি এই তালিকায় রয়েছেন মনোময় ভট্টাচার্য ও রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, কার্তিক দাস বাউল এবং অদিতি মুন্সী। এই সম্মাননা কেবল শিল্পীদের ব্যক্তিগত জয় নয়, বরং বাংলা সংস্কৃতি ও কলার ঐতিহ্যের জয় হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।
