Balurghat Hospital | শ্রেষ্ঠত্বে শিরোপা! শিলিগুড়ি-কলকাতাকে পেছনে ফেলে টানা চারবার রাজ্যে প্রথম বালুরঘাট হাসপাতাল

Balurghat Hospital | শ্রেষ্ঠত্বে শিরোপা! শিলিগুড়ি-কলকাতাকে পেছনে ফেলে টানা চারবার রাজ্যে প্রথম বালুরঘাট হাসপাতাল

ব্লগ/BLOG
Spread the love


বালুরঘাট: এক দিকে চিকিৎসক সংকট ও রেফার করার প্রবণতা নিয়ে ভুরিভুরি অভিযোগ, আর অন্য দিকে পরিষেবার নিরিখে সেরার শিরোপা। সমস্ত বাধা কাটিয়ে টানা চতুর্থবার কেন্দ্রীয় সরকারের ‘সুশ্রী কায়াকল্প’ (Kayakalp Award 2026)  প্রকল্পে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল বালুরঘাট জেলা হাসপাতাল (Balurghat Hospital)। ৯৬ শতাংশ নম্বর পেয়ে এই শিরোপা ধরে রাখল দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) এই প্রান্তিক হাসপাতাল।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ‘ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার’ প্রতি বছর হাসপাতালের পরিচ্ছন্নতা, সংক্রমণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রসূতি-শিশুমৃত্যু হ্রাসের মতো মোট আটটি বিষয়ের ওপর ভিত্তি করে এই মূল্যায়ন করে। ২০২৫-২৬ সালের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে, বালুরঘাট জেলা হাসপাতাল, প্রথম স্থান (পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা)। শিলিগুড়ি জেলা হাসপাতাল, পঞ্চম স্থান। কলকাতা বা অন্যান্য বড় শহরের হাসপাতালগুলিকে টেক্কা দিয়ে বালুরঘাটের এই জয়যাত্রা নজর কেড়েছে স্বাস্থ্য মহলের।

টানা চারবার প্রথম হলেও হাসপাতালের মনে কিছুটা আক্ষেপ রয়ে গিয়েছে। গত বছর বীরভূমের সিউড়ি হাসপাতালের সঙ্গে যৌথভাবে প্রথম হয়েও প্রাপ্য ২৫ লক্ষ টাকা এখনও পায়নি বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এবার নতুন করে ৫০ লক্ষ টাকা বরাদ্দ হওয়ায় সেই অর্থ হাসপাতালের পরিকাঠামো ও রোগী পরিষেবার উন্নয়নে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, “প্রচুর খামতি ও সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এই সম্মান আমাদের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল।” অন্যদিকে, স্থানীয় বাসিন্দা অপূর্ব সাহার মতে, হাসপাতালের বিরুদ্ধে দুর্ব্যবহার বা রেফারের অভিযোগ থাকলেও, প্রান্তিক জেলা হিসেবে এই সাফল্য গর্বের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *