বক্সিরহাট: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বাংলা-অসম সীমানায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। রবিবার রাতে কোচবিহার (Cooch Behar) জেলার বক্সিরহাট (Bakshirhat) থানা এলাকার দুটি পৃথক নাকা চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে মোট ১ লক্ষ ৭২ হাজার টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। এই ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে অসম থেকে বাংলায় প্রবেশের পথে জোড়াই মোড় এবং সংকোশ—এই দুই গুরুত্বপূর্ণ নাকা পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছিল।
প্রথম ঘটনা: জোড়াই মোড় নাকা চেকিং পয়েন্টে বাংলার নম্বরের একটি চার চাকা গাড়ি আটকায় পুলিশ। তল্লাশিতে গাড়ির ভেতর থাকা একটি ব্যাগ থেকে ৫৭ হাজার ৭০০ টাকা উদ্ধার হয়। গাড়িতে থাকা দার্জিলিংয়ের বাসিন্দা বীরেন্দ্র সাহা এই টাকার কোনো বৈধ উৎস বা নথিপত্র দেখাতে না পারায় পুলিশ সেই টাকা বাজেয়াপ্ত করে।
দ্বিতীয় ঘটনা: প্রায় একই সময়ে সংকোশ নাকা চেকিং পয়েন্টে কুমারগ্রাম বারবিশার বাসিন্দা বিকাশ সাহার গাড়িতে তল্লাশি চালায় বক্সিরহাটের জোড়াই ফাঁড়ির পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় নগদ ১ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা। তিনিও টাকার স্বপক্ষে কোনো সঠিক প্রমাণ দিতে পারেননি।
তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) কান্নেধারা মনোজ কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন: ‘নির্বাচন কমিশনের নির্দেশ মত অসম-বাংলা সীমানায় নাকা চেকিং চালিয়ে মোট ১ লক্ষ ৭২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। টাকার উৎস দেখাতে পারেনি তারা। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
