বাগডোগরা: ৩ দিন ধরে চা বাগানের নালার মধ্যে রয়েছে চিতাবাঘের ৩ টি শাবক। তাঁদের আগলে রেখেছেন বনকর্মীরা, অপেক্ষা কখন মা এসে নিয়ে যায় তাঁর শাবকদের। কিন্তু মা চিতাবাঘের কোনও দেখা না পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ বাগডোগরার বন কর্মীদের। ঘটনাটি হাঁসখোয়া চা বাগানের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার হাঁসখোয়া চা বাগানের ৮ নম্বর সেকশনে পাতা তোলার সময় চা শ্রমিক হৈমন্তী, বিনিতাদের নজর যায় বাগানের জল নিকাশি নালার মধ্যে পড়ে থাকা শাবক ৩ টির দিকে। দীর্ঘদিন ধরে চা-বাগানে কাজ করার দরুন তাঁরা অভস্ত হয়ে গিয়েছে চিতাবাঘ দেখে, তাই সঙ্গে সঙ্গেই তারা বুঝে যান যে এটি চিতাবাঘের শাবক। খবর পেয়ে বাগডোগরা থেকে বন কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। সেই থেকে শাবক ৩ টিকে আগলে রয়েছেন তাঁরা। শাবকগুলি ছোঁয়াও বারন কারণ তাহলে মা চিতাবাঘ শাবকগুলিকে নাও গ্রহন করতে পারে। ঘটনাপ্রসঙ্গে বাগডোগরার রেঞ্জার সোনম ভুটিয়া বলেন, ‘গত ৩ দিন ধরে ওখানে নজর রাখা হচ্ছে। শাবকের মা নিয়ে যাবার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই।’
