উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে শুরু হয়েছিল পাকিস্তান-আমিরশাহি মহারণ। কিন্তু এক ঘণ্টা দেরিতে ম্যাচ শুরুর পরও নাটকে যবনিকা পতন হল না! আমিরশাহি ইনিংসের ষষ্ঠ ওভারে গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন শ্রীলঙ্কার আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে। পাকিস্তানের এক ফিল্ডারের ছোড়া বলে আঘাত পান তিনি।
ঘটনার সূত্রপাত আমিরশাহি ইনিংসের ষষ্ঠ ওভারে। বল করছিলেন সাইম আয়ুব। ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমত চাপে পরে গিয়েছিল আমিরশাহি। সেই সময় ধ্রুব পরাশর মিড অনের দিকে শট খেলে দ্রুত এক রান নিতে যান। পাকিস্তানের ফিল্ডার বলটি বোলারের দিকে ছুঁড়ে মারেন, কিন্তু তার আগেই বোলারের সামনে এসে দাঁড়িয়েছিলেন আম্পায়ার রুচিরা পাল্লিয়াগুরুগে। ফিল্ডারের ছোঁড়া বলটি সরাসরি তার বাম কানের ঠিক নিচে আঘাত করে।
আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে যন্ত্রণায় লুটিয়ে পড়েন রুচিরা। হাতে কান চেপে ধরে দাঁড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি বুঝে দ্রুত তাঁর কাছে ছুটে আসেন বোলার সাইম আয়ুব এবং অন্যান্য পাকিস্তানি ফিল্ডারেরা। আঘাত এতটাই গুরুতর ছিল যে রুচিরা আর ম্যাচ পরিচালনা করার মতো অবস্থায় ছিলেন না। সঙ্গে সঙ্গে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। বাকি ম্যাচটি রিজার্ভ আম্পায়ার গাজি সোহেল পরিচালনা করেন। উল্লেখ্য, এদিনের ম্যাচটি জিতে ইতিমধ্যেই টুর্নামেন্টের সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
