উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাড়ির সামনে আক্রান্ত হলেন হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। স্থানীয় সূত্রে খবর, রবিবার হাবড়া থেকে সল্টলেকে নিজের বাড়িতে ফেরেন জ্যোতিপ্রিয়। বাড়ির নিচতলায় তাঁর অফিসে ঢোকার সময় এক এক অজ্ঞাতপরিচয় তরুণ তাঁকে প্রথমে আচমকা ঘুষি মারেন। এরপর পেটে ও পাঁজরের নিচে আঘাত করেন। এতে জ্যোতিপ্রিয় মাটিতে লুটিয়ে পড়েন।
চিৎকার শুনে দপ্তরের কর্মীরা ছুটে এসে তাঁকে তুলে অভিযুক্তকে আটকে রাখেন। পুলিশ (POLICE) খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই তরুণকে গ্রেপ্তার (Arrested) করে।
হামলাকারী ওই তরুণ এতটাই উগ্র আচরণ করছিল যে, কয়েকজন মিলে চেষ্টা করেও তাঁকে থামাতে কালঘাম ছোটে। জ্যোতিপ্রিয়র নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ কর্মীর সামনেই হামলাটি হয়।
জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তাঁর মুখে, পেটে আঘাত লেগেছে। তবে আপাতত তিনি সুস্থ রয়েছেন।
গ্রেপ্তারের পর অভিযুক্ত ওই তরুণের সম্পর্কে খোঁজখবর নেন বিধায়ক। বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর তিনটে থেকে বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি। মাঝে সরে গেলেও পরে আবার ফিরে আসেন। যদিও হামলার কারণ এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
