উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউড তথা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande) শ্বশুরবাড়ি ফের শিরোনামে! বিলাসবহুল জীবনযাপন এবং সম্প্রতি বিবাহবার্ষিকী উদযাপনের মাঝেই ছত্তীসগঢ়ের শিল্পপতি স্বামী ভিকি জৈনের (Vicky Jain) পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিল বিশেষ জিএসটি (GST) দল। আয়কর ফাঁকি এবং ব্যবসায়িক লেনদেনে গুরুতর কারচুপির অভিযোগে গত ১২ ডিসেম্বর সকাল থেকে শুরু হয় এই তল্লাশি অভিযান।
সূত্রের খবর অনুযায়ী, শুধুমাত্র ভিকি জৈনের পৈতৃক বাড়িই নয়, তাঁদের অফিস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান মিলিয়ে মোট ১১টি ঠিকানায় একযোগে তল্লাশি চালানো হয়। রায়পুর থেকে আসা বিশেষ জিএসটি দল এই অভিযানে নেতৃত্ব দেয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ভিকি জৈনদের ব্যবসায়িক সংস্থা, যা মূলত কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত, আয়করের হিসাবে ব্যাপক কারচুপি করেছে এবং মোটা অঙ্কের কর ফাঁকি দিয়েছে।
কয়েক ঘণ্টার তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর ছত্তীসগঢ়ের তিনটি কয়লা ব্যবসায়ী সংস্থাকে বড় অঙ্কের কর ও জরিমানা দিতে বাধ্য করা হয়। সবথেকে বেশি জরিমানা দিয়েছে অঙ্কিতার শ্বশুরবাড়ির ব্যবসায়িক প্রতিষ্ঠান।
মোট আদায়: সব মিলিয়ে রাজ্যের কোষাগারে জমা পড়েছে ২৭.৫ কোটি টাকারও বেশি কর এবং জরিমানা।
ভিকি জৈনদের সংস্থা: জানা গিয়েছে, অঙ্কিতার স্বামী ভিকি জৈনের পারিবারিক সংস্থাটি শুরুতেই প্রায় ১০ কোটি টাকা জরিমানা বাবদ জমা দেয়।
অন্যান্য সংস্থা: পরের দিন আরও দুটি সংস্থা যথাক্রমে ১১ কোটি এবং ৬.৫ কোটি টাকা জমা দেয়।
অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে মুম্বইয়ে ৭০ কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করেন এবং স্বামী ভিকি জৈন তাঁর ও তাঁর পরিবারের সব দায়িত্ব নিয়েছেন বলে এর আগে তিনি নিজেই জানিয়েছেন। সাম্প্রতিক এই তল্লাশি এবং বিশাল অঙ্কের জরিমানা সেই বিলাসবহুল জীবনযাপনের আড়ালে থাকা ব্যবসায়িক লেনদেন নিয়ে প্রশ্ন তুলে দিল।
