উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গত কয়েক দশক ধরে রবিবারের মুম্বই মানেই অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) ‘জলসা’র (Jalsa) বাইরে ভক্তদের ঢল। কিন্তু আজ সেই চেনা দৃশ্যে লাগল উদ্বেগের আঁচ। প্রিয় তারকাকে এক ঝলক দেখার অপেক্ষায় জমে থাকা ভিড়ে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন এক ভক্ত। ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।
২৪ মে, রবিবার। নিয়ম মেনে ভক্তদের সঙ্গে দেখা করতে বাড়ির বাইরে বেরিয়েছিলেন অমিতাভ (BigB)। কিন্তু সেই মুহূর্তেই ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। শোরগোল আর ধাক্কাধাক্কির মাঝেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এক অনুরাগী। ভিড়েই উপস্থিত অন্য ভক্তরা দ্রুত তাঁকে জল দিয়ে শুশ্রূষা করার চেষ্টা করেন এবং আশপাশের জায়গা ফাঁকা করে দেন। তবে ওই ব্যক্তির শারীরিক অবস্থা নিয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, যেখানে প্রতি রবিবার এই ভিড় প্রত্যাশিত, সেখানে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের বন্দোবস্ত কেন থাকে না? বহু দূর-দূরান্ত থেকে মানুষ এখানে আসেন শুধুমাত্র তাঁদের প্রিয় ‘বিগ বি’-র দেখা পেতে। এই আবেগ ও ভালোবাসার মাঝে ভক্তদের জীবনের নিরাপত্তা নিয়ে আয়োজক ও স্থানীয় প্রশাসনের গাফিলতি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা।
সামনেই বিগ বি-র একাধিক ছবি মুক্তির অপেক্ষায়। সম্প্রতি তাঁর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। যদিও অভিনেতা নিজেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করে সেই জল্পনায় জল ঢেলেছেন। ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেতা বর্তমানে সম্পূর্ণ সুস্থ। তবে আজকের এই ঘটনায় ভক্তদের নিরাপত্তা নিয়ে যে নতুন চিন্তার উদ্রেক হলো, তা অমিতাভ বচ্চন বা তাঁর টিম কীভাবে মোকাবিলা করে, সেটাই এখন দেখার।
