রায়পুর: মাওবাদীদের সঙ্গে আলোচনার টেবিলে বসার দরজা বন্ধ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। তাঁর সাফ কথা, ‘আলোচনার কী আছে? আত্মসমর্পণ এবং পুনর্বাসনের আকর্ষণীয় নীতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। আপনারা এগিয়ে আসুন এবং অস্ত্র সংবরণ করুন।’
শনিবার বস্তারের জগদলপুরে বস্তার দশেরা লোকোৎসব এবং স্বদেশি মেলায় যোগ দিয়েছিলেন শা। সেখানে তিনি জানিয়েছেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী (Maoist) সমস্যা পুরোপুরি মিটিয়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমি আমার আদিবাসী ভাইবোনেদের বলতে চাই আপনারা গ্রামের তরুণদের অস্ত্র সংবরণ করা সুনিশ্চিত করুন। ওদের উচিত হিংসার রাস্তা ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে আসা এবং বস্তারের উন্নয়নে শামিল হওয়া।’
কেন্দ্র ও ছত্তিশগড় সরকার আত্মসমর্পণ করা মাওবাদীদের মূলস্রোতে ফেরাতে একাধিক পদক্ষেপ করেছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ২০২৩ সালে বিজেপি ছত্তিশগড়ে (Chhattisgarh) পুনরায় ক্ষমতা দখল করার পর থেকে মাও দমন অভিযানের তীব্রতা বাড়িয়েছে কেন্দ্র। গতবছর জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৪৫০ জনেরও বেশি মাওবাদী নিধন হয়েছে বস্তারে।
