উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি পহেলগাঁওয়ে হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের পরিচয় ও পাক-যোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram)। এদিকে, মঙ্গলবারই লোকসভার ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah) নিশ্চিত করেছেন, ‘অপারেশন মহাদেব’-এ নিকেশ হওয়া তিন জঙ্গিই গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার সঙ্গে যুক্ত ছিল (Pahalgam attackers)। ওই জঙ্গিরা যে পাকিস্তানি সে প্রমাণও দিয়েছেন তিনি। আর একথা জানাতে গিয়েই জঙ্গিদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা চিদম্বরমকে কড়া আক্রমণ করেন শা।
হামলার অনেকদিন কেটে গেলেও পহেলগাঁওকাণ্ডের জঙ্গিদের খোঁজ না মেলায় প্রথম থেকেই বিরোধীদের প্রশ্নে মুখে পড়েছে কেন্দ্র। সোমবার তিন জঙ্গির মৃত্যুর পরেও পি চিদম্বরম প্রশ্ন তুলে বলেছিলেন, ‘পাকিস্তানি জঙ্গিরা পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল সেই প্রমাণ রয়েছে? হতে পারে স্থানীয় জঙ্গিরা এই হামলার সঙ্গে জড়িত।’
চিদম্বরমের সেই মন্তব্য তুলে ধরে এদিন লোকসভায় শা বলেন, ‘জঙ্গিদের পাকিস্তান থেকে আসার প্রমাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম। কিন্তু তিনি কাকে বাঁচাতে চান? পাকিস্তানকে রক্ষা করে তাঁর কী লাভ হবে?’ এরপরই তিনি বলেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে ওই তিন জঙ্গি পাকিস্তানিই ছিল। আর এরাই পহেলগাঁও হামলায় জড়িত ছিল। আমাদের কাছে তাদের ভোটার আইডি নম্বর রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া চকলেটগুলি পাকিস্তানে তৈরি। এই দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে ক্লিন চিট দিচ্ছেন।’ এখানেই থামেননি শা। এরপর বিরোধী দল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম তাঁরা পহেলগাঁওকাণ্ডের সঙ্গে যুক্ত জঙ্গিদের মৃত্যুর খবর পেয়ে খুশি হবেন। কিন্তু দেখলাম তাঁরা বিষয়টি নিয়ে খুশি নন। বরং হতাশ হয়েছেন।’
এদিন লোকসভায় অমিত শা একথাও জানান, জঙ্গিদের থেকে পহেলগাঁও হামলায় ব্যবহার করা অস্ত্র উদ্ধার হয়েছে। আর এই তিনজনকে খাবার জুগিয়ে সাহায্য করেছিল যে ব্যক্তিরা, তাদের আগেই আটক করা হয়েছিল। নিহত জঙ্গিদের দেহ শ্রীনগরে আনার পর তাদের শনাক্ত করে পহেলগাঁওকাণ্ডে আটক হওয়া ব্যক্তিরা। এমনকি এই তিন জঙ্গিই যে পহেলগাঁওয়ে হামলার সঙ্গে যুক্ত ছিল তা নিশ্চিত হতে ফরেন্সিক পরীক্ষাও করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট আসার পরেই তিন জনের পরিচয় সম্বন্ধে নিশ্চিত হয় কেন্দ্র।
