অভিজিৎ ঘোষ, সোনাপুর: রাজ্য স্তরে রাজবংশী সংস্কৃতি তুলে ধরতে ভাওয়াইয়া গানে নৃত্য পরিবেশন করতে চলেছে আলিপুরদুয়ার-১ ব্লকের (Alipurduar) সোনাপুর বিকে গার্লস স্কুলের ছাত্রীরা। ২৫ নভেম্বর কলকাতার বালিগঞ্জে সংশ্লিষ্ট অনুষ্ঠানে অংশ নেবে ওই ছাত্রীরা। শিক্ষা দপ্তরের ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রোজেক্টের আওতায় ইতিমধ্যেই ব্লক ও জেলা স্তরে প্রতিযোগিতা হয়েছে। জেলা স্তরে প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়ার সুবাদে রাজ্য স্তরে আলিপুরদুয়ার জেলার হয়ে ওই প্রতিযোগিতায় অংশ নেবে সোনাপুর বিকে গার্লস হাইস্কুলের ছাত্রীরা।
প্রধান শিক্ষিকা জয়া সরকার বলেন, ‘এটা গর্বের যে আমাদের স্কুলের মেয়েরা রাজ্য স্তরে ওই প্রতিযোগিতায় অংশ নেবে।’ অষ্টম শ্রেণির স্মিতা রায়, নবম শ্রেণির প্রীতি রায়রা জানাল, রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়া নিয়ে খুবই উৎসাহী ওরা। স্কুলের শিক্ষিকা সোমঋতা ভৌমিক, সুমনা বিশ্বাস, ডোনা দত্ত ছাত্রীদের ওই প্রতিযোগিতার জন্য প্রশিক্ষণ দিচ্ছেন।
ন্যাশনাল পপুলেশন এডুকেশন প্রোজেক্টের রাজ্য স্তরের প্রতিযোগিতায় ২৩টি জেলার ২৩টি স্কুল অংশ নেবে। সোনাপুর বিকে স্কুলের অষ্টম ও নবম শ্রেণির ছয়জন ছাত্রী সেখানে যাচ্ছে। প্রতিযোগিতায় লোকনৃত্যের ওপর চার থেকে ছয় মিনিটের একটি নৃত্য পরিবেশন করতে হয়। সোনাপুরের ছাত্রীরা ব্লক ও জেলা স্তরে রাজবংশী ভাওয়াইয়া গানে নৃত্য পরিবেশন করেছে। রাজ্য স্তরে প্রতিযোগিতায় ওই গানেই নাচবে তারা।
