পলাশবাড়ি: আলিপুরদুয়ার ১ ব্লকের (Alipurduar) পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতে নিম্নমানের রাস্তা সংস্কারের (Highway Restore) অভিযোগে উত্তাল হয়ে উঠল যোগেন্দ্রনগর গ্রাম। সোমবার জেলা পরিষদের (Zilla Parishad) পাকা রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেন ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পিচের সঙ্গে জল মিশিয়ে দায়সারা কাজ করা হচ্ছে, যার ফলে কাজ শেষের পরেই আস্তরণ উঠে যাচ্ছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ মেজবিল এলাকাতেও একই অভিযোগে কাজ বন্ধ করেছিলেন গ্রামবাসীরা। ঠিকাদারি সংস্থা নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করলেও, স্থানীয় জেলা পরিষদ সদস্য সঞ্চিতা বর্মন অধিকারী স্পষ্ট জানিয়েছেন যে এমন কাজ তাঁরাও মেনে নেবেন না। সাড়ে ছয় কিলোমিটারের এই বেহাল রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অন্তর্গত, যার সংস্কার কাজ ঘিরে বর্তমানে চরম অচলাবস্থা তৈরি হয়েছে।
