আলিপুরদুয়ার: ভুটানের ‘মাস্ক ডান্স’ দেখেছেন কখনও? পড়শি দেশের সেই ঐতিহ্যের ঝলক এবার দেখা যাবে ডুয়ার্সে। সৌজন্যে ডুকপা লিভিং হেরিটেজ ফেস্টিভাল। বক্সা পাহাড়ে এবছর উৎসবের দ্বিতীয় বর্ষ। উৎসব কমিটির সহ কোষাধ্যক্ষ তেন্ডু ডুকপা বলেন, ‘ভুটানের শিল্পীদের সঙ্গে আলোচনা হয়েছে। এবছর উৎসবে আমার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করব। তাঁর মধ্যে অন্যতম আকর্ষণ থাকবে ভুটানের মাস্ক ডান্স।’
গত বছর ১৫ নভেম্বর থেকে তিনদিনব্যাপী এই অনুষ্ঠান হয়েছিল। তবে এবছর দুই সপ্তাহ পিছিয়ে ২৮ নভেম্বর থেকে ওই উৎসব শুরু হচ্ছে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। মূলত ডুকপা জনজাতির ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতিকে সংরক্ষণ, প্রচার করার জন্যই এই আয়োজন। জেলা প্রশাসন উৎসবে সহযোগিতা করছে। উৎসবের প্রচার করতে দেশের বিভিন্ন জায়গার পর্যটন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। কেরল, মধ্যপ্রদেশ, দিল্লি সহ দেশের ১০টি রাজ্যের বিশেষজ্ঞরা বক্সা পাহাড়ে ডুকপাদের অনুষ্ঠান দেখতে আসবেন।
অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে ওসান লেপচা বলেন, ‘ডুকপা সংস্কৃতিকে তুলে ধরার জন্য দেশের বিভিন্ন জায়গার পর্যটন বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। তাঁরা এই উৎসবের প্রচার করবেন এবং উপদেশ দেবেন।’ বক্সা পাহাড়ে লোসার উৎসবের মধ্যে দিয়ে তাঁদের সংস্কৃতিচর্চা করা হয়েছে আগেও। তবে পাহাড়ের সব এলাকার বাসিন্দারা একসঙ্গে নয় বরং আলাদাভাবেই এই অনুষ্ঠান করে আসছে। হেরিটেজ ফেস্টিভালের মধ্য দিয়ে পাহাড়ের বক্সা ফোর্ট, সদর বাজার, তাশিগাঁও, লেপচাখা, আদমা, চুনাভাটির মতো বিভিন্ন এলাকার বাসিন্দারা একত্রিত হবেন।
উৎসবের মূল অনুষ্ঠান হবে বক্সা ফোর্ট মাঠে। লামাপুজোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হবে এবং অতিথিদের বরণ করা হবে। দ্বিতীয় দিন সকালে বক্সা পাহাড়ের বিভিন্ন পাখি দেখানো হবে অতিথিদের।
এছাড়াও খুরু টুর্নামেন্ট, আর্চারি প্রতিযোগিতা সহ নাচ-গানের অনুষ্ঠান রয়েছে। ডুকপা জনজাতির খুদেদের একটি ফ্যাশন শোও রাখা হয়েছে। তৃতীয় দিন ডুয়ার্সের অন্য জনজাতির অনুষ্ঠান করারও পরিকল্পনা রয়েছে। মেচ, আদিবাসী সহ বিভিন্ন জনজাতির শিল্পীরা অংশ নেবেন। তিনদিনের উৎসব ঘিরে বক্সা পাহাড়ে বর্তমানে সাজোসাজো রব।
