উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার রাতে মুম্বইয়ের জুহু এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের কনভয় (Akshay Kumar Convoy Accident)। একটি দ্রুতগামী বিলাসবহুল গাড়ি ও অটো রিকশার সংঘর্ষের জেরে এই দুর্ঘটনাটি ঘটে। তবে স্বস্তির খবর এই যে, অক্ষয় কুমার এবং তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না (Twinkle Khanna) সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত রয়েছেন।
সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার রাত ৯টা নাগাদ অক্ষয়ের কনভয়টি জুহু (Juhu) দিয়ে যাচ্ছিল। সেই সময় একটি মার্সিডিজ গাড়ি হঠাৎ গতি বাড়িয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটো রিকশাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে অটোটি ছিটকে গিয়ে অক্ষয়ের কনভয়ে থাকা একটি গাড়িতে আছড়ে পড়ে। অক্ষয় ও টুইঙ্কল সামনের অন্য একটি গাড়িতে থাকায় বড়সড়ো বিপদ থেকে রক্ষা পান। তাঁদের গাড়িতে সামান্য ধাক্কা লাগলেও তাঁরা দুজনেই সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও এফআইআর (FIR) দায়ের করা হয়নি, তবে তদন্ত শুরু হয়েছে। অটোচালক এবং যাত্রীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় কোনও প্রাণহানির খবর না থাকলেও গাড়িগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে এখনও অক্ষয়ের টিমের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
উল্লেখ্য, বর্তমানে অক্ষয় কুমার বেশ কিছু বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত। প্রিয়দর্শনের আসন্ন ছবি ‘হাইওয়ান’-এ তাঁকে দেখা যাবে। এছাড়াও জনপ্রিয় গেম শো ‘হুইল অফ ফরচুন ইন্ডিয়া’-র সঞ্চালক হিসেবেও ডেবিউ করতে চলেছেন তিনি। অভিনেতার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জলি এলএলবি ৩’ বক্স অফিসে বেশ চর্চায় ছিল। এই দুর্ঘটনা সংবাদ ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেতার অগণিত ভক্তরা।
